মহেশখালীতে রাতের আঁধারে চলছে পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে বিভিন্ন স্থানে রাতের আঁধারে পাহাড় কাটছে প্রভাবশালীরা। এ ছাড়া পাহাড়ের পাদদেশ থেকে বালু উত্তোলন করে বিক্রিও চলছে দেদারসে। ফলে হুমকির মুখে পড়েছে অধিকাংশ পাহাড়। সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি বৃষ্টি হওয়ার পর স্থানীয় প্রভাবশালীরা উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার সরকারি ১ নম্বর খাস খতিয়ানের ও ছালিয়াতলীর বন বিভাগের পাহাড় রাতের আঁধারে কেটে বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করেছে। কিছু স্থানে গড়ে তোলা হয়েছে বসতি। আবার ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে পাদদেশের বালু । জানা যায়, গত রোববার সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামে স্থানীয় লোকজন পাহাড় কাটার কারণে রাস্তার দুই পাশের বিদ্যুতের দুইটি খুঁঁটি বিধ্বস্ত হয়। পরে পল্লি বিদ্যুতের কর্মীরা গিয়ে নতুন করে ওই স্থানে খুঁটি স্থাপন করেছেন। মহেশখালী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিপ্লব কুমার সরকার বলেন, ‘বর্ষা শুরু হওয়ার পর থেকে মহেশখালীর বিভিন্ন স্থানে পাহাড় কাটার কারণে পল্লি বিদ্যুতের অনেক খুঁঁটি ঝুঁঁকিতে রয়েছে।’ছালিয়াতলির বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘রাতে পাহাড় কেটে দিলে পাহাড়ের বালু বৃষ্টির পানিতে নিচে নেমে গিয়ে জমি ভরাট হয়। পরে এসব বালু উত্তোলন করে বাইরে বিক্রি করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী বলেন, ‘অবৈধভাবে বসতি স্থাপনের জন্য ছালিয়াতলী ও উত্তর নলবিলার পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় লোকজন পাহাড় কাটছে। তাঁদের বেশ কয়েক বার নিষেধ করেছি। কিন্তু কেউ মানছেন না। ফলে পাহাড় কাটার কারণে পরিবেশের মারাত্মকভাবে. ক্ষতি হচ্ছে।’ এ প্রসঙ্গে বন বিভাগের শাপলাপুর বিট কর্মকর্তা মোহাম্মদ মহসিন হাওলাদার বলেন, ‘অবৈধভাবে পাহাড়ে বালু বিক্রি বন্ধ করার জন্য বেশ কয়েক বার অভিযান চালানো হয়েছে। কিন্তু বনকর্মীরা ঘটনাস্থল থেকে ফিরে আসার পর আবার ছালিয়াতলীর লোকজন পাহাড়ের বালু বিক্রি করছে। এরপরও পাহাড়ের বালু বিক্রি বন্ধ করার চেষ্টা চলছে।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে পাহাড় কাটার অভিযোগে চারজন আটক করা হয়েছে। এরপরও পাহাড় কাটা বন্ধ হচ্ছে না। পানের বরজ করতে স্থানীয় লোকজন বিচ্ছিন্নভাবে পাহাড় কাটছে।’ মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে থানায় আগে কেউ অভিযোগ করছে কি না আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘অবৈধভাবে উত্তোলন করে পাহাড়ের বালু বাইরে বিক্রি করায় পরিবেশের পাশাপাশি হুমকির মুখে পড়েছে মহেশখালীর পাহাড়। তাই পাহাড়ের বালু বেচাকেনা বন্ধ করার জন্য চেষ্টা চলছে।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘পাহাড় কাটা ও বালু বিক্রি করার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাহাড়ের বালু বিক্রি করার কোনো নিয়ম নেই। তাই পাহাড় কাটা বন্ধ ও বালু বেচাকেনা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’