মহেশখালীতে লবণমাঠে ধান চাষ
মহেশখালীতে লবণমাঠে এখন ধানচাষ করছেন চাষিরা। গতবারের লোকসানের ভয়ে এবার লবণচাষ ছেড়ে দিয়েছেন অনেকে। চাষিরা জানান, এক মণ লবণের টাকায় দুই কেজি চালও পাওয়া যায় না। তাই লবণের পরিবর্তে ধানচাষ করাই লাভজনক।সরেজমিনে দেখা গেছে, মাতারবাড়ি ইউনিয়নের হন্দারবিল, সিকদারপাড়া ও রাজঘাট, শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা ও জেমঘাট, শাপলাপুর বাজারের পূর্ব পাশে এবং বারিয়ারছড়ি এলাকায় লবণমাঠে এখন বোরো আবাদ করছেন কৃষকেরা। লবণের জমিতে সেচযন্ত্র ও নলকূপ বসিয়ে মিঠা পানি দিয়ে ধানচাষ করতে দেখা গেছে। তবে লবণের পরিবর্তে ধান উৎপাদন করার লক্ষ্যে স্থানীয় চাষিদের নানা ভাবে উদ্বুদ্ধ করছে স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশন। মাতারবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে সংগঠনটি লবণমাঠে ধানচাষ করার জন্য চাষিদের নিয়ে ইতিমধ্যে সমাবেশ করেছে। উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় এলাকার চাষিদের লবণমাঠে ধানচাষ করার জন্য সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। লবণমাঠে ধানচাষ করে অনেকেই লাভবান হচ্ছেন।’ মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত বছর লবণের মূল্য না পেয়ে চাষিরা ক্ষুব্ধ হয়ে এবার লবণমাঠে ধানচাষ করছেন। এই এলাকায় প্রায় দেড় শ একর লবণ মাঠে নতুন করে ধানচাষ করা হচ্ছে।’ মাতারবাড়ি ইউনিয়নের হন্দারবিল এলাকার বাসিন্দা, চাষি জালাল আহমদ, আবু জাফর ও আমান উল্লাহ জানান, গত বছর লবণমাঠ করে অনেক লোকসানের বোঝা মাথায় নিতে হয়েছে। এ বছর লবণমাঠে ধানচাষ করা হচ্ছে। কারণ লবণের মূল্যের চেয়ে ধানের মূল্য অনেক বেশি। একই কথা বললেন, শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার বাসিন্দা চাষি নুরুল কবির, আনোয়ার হোসেন ও রবি উল্লাহ।শাপলাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কাইছার উদ্দিন বলেন, এই এলাকায় প্রায় ১০০ একর জমিতে লবণের পরিবর্তে ধানচাষ করছেন কৃষকেরা। ফলে অন্যান্য বছরের তুলনায় এবারে বোরো ধানের ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসভা ও আট ইউনিয়নে মোট সাত হাজার ১০০ হেক্টর জমিতে বোরোচাষ হচ্ছে। তার মধ্যে এ বছর নতুন করে প্রায় ৫০০ একর লবণমাঠে ধানচাষ করছেন স্থানীয় কৃষকেরা। উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমদ বলেন, মাতারবাড়ি, বড় মহেশখালী, হোয়ানক ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কৃষকদের মাঝে ধানচাষ করার আগ্রহ দেখা যাচ্ছে। এ বছর প্রায় ৫০০ একর লবণমাঠে নতুন করে ধানচাষ করা হচ্ছে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, লোকসানের ভয়ে অনেক চাষি এ বছর লবণের জমিতে মিঠাপানি দিয়ে ধানচাষ করছেন। ফলে ধানচাষ করে লবণের চেয়ে অনেক লাভবান হবেন কৃষকেরা।