মহেশখালীতে লোকসানের মুখে ১৫ হাজার পানচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস আগেও প্রতি বিড়া পান বিক্রি হয়েছে ৩০০ টাকায়। অথচ সে পানের দাম এখন মাত্র ২০ থেকে ৩০ টাকা। কক্সবাজারের মহেশখালীতে পানের এমন দরপতনের কারণে লোকসানে পড়েছেন ১৫ হাজার চাষি।
মাস খানেক আগে পানের ভালো দাম পাওয়ায় গত বছরের লোকসান কাটিয়ে উঠবেন বলে আশা করছিলেন কৃষকেরা। কিন্তু হঠাৎ দরপতনে হতাশ তাঁরা।
গত ৩০ জুন দুপুরে উপজেলার জনতাবাজার গিয়ে দেখা যায়, দুই শতাধিক চাষি সারিবদ্ধভাবে বসেছেন পান বিক্রি করতে। তাঁরা জানান, বাজারে হঠাৎই পানের দাম কমে গেছে। লোকসান দিয়ে পান বিক্রি করছেন তাঁরা নিরুপায় হয়ে। গত দুই বছর এই এলাকার চাষিরা পানের ন্যায্য দাম পাননি বলে জানান চাষি রবিউল আলম। তিনি বলেন, এখন পানির ধরে পান বিক্রি হচ্ছে। এতে স্থানীয় চাষিরা হতাশ।
চাষিরা জানান, কক্সবাজার, চট্টগ্রাম, সীতাকুণ্ড, বাঁশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে পান কিনে নেন। পরে এসব পান ট্রাক ভর্তি করে সারা দেশে সরবরাহ করা হয়।
কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার পানচাষি আবদুল খালেক ও নবীর হোসেন জানান, দুই বছর ধরে পানের ন্যায্য দাম পাচ্ছেন না তাঁরা। মাঝেমধ্যে পানের দাম উঠলেও তা দুই-তিন মাস যেতে না–যেতেই আবার পড়ে যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহেশখালীতে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। পানচাষির সংখ্যা প্রায় ১৫ হাজার। এক হেক্টর জমিতে পান চাষ করতে চাষিদের খরচ হয় সাড়ে ছয় লাখ টাকা। বছরে প্রতি হেক্টর জমিতে ১০৭ মেট্রিক টন পান উৎপাদন হয়। কৃষি অফিস প্রতি বিড়া পানের দাম ২২০ টাকা নির্ধারণ করেছে। ন্যায্য মূল্য অনুযায়ী ১০৭ মেট্রিক টন পান বিক্রি করে বছরে ১৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা পাওয়ার কথা কৃষকদের। এতে খরচ বাদ দিয়ে প্রতি হেক্টরে চাষিদের প্রায় ৯ লাখ ৫৭ হাজার টাকার মতো লাভ থাকার কথা। অথচ এখন প্রতি বিড়া পান ২০-৩০ টাকায় বিক্রি হওয়ায় উৎপাদন খরচই তুলতে পারছেন না তাঁরা।
বড়মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল আলম বলেন, পানের ফলন অনেক ভালো হয়েছে। পানের ন্যায্য দাম না পাওয়ায় স্থানীয় চাষিদের লোকসান গুনতে হচ্ছে।