মহেশখালীতে শপথ নিলেন পাঁচ ইউপির জনপ্রতিনিধিরা
কক্সবাজারের মহেশখালী উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি)—মাতারবাড়ী, ধলঘাট, হোয়ানক, কুতুবজোম ও ছোট মহেশখালীর নির্বাচিত চেয়ারম্যান ও নারী-পুরুষ সদস্যরা শপথ নিয়েছেন। ১২ মে কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আলী হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের কক্সবাজারের উপপরিচালক এ এফ এম আলা উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আনোয়ারুল নাসের, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।
গত ২২ মার্চ মহেশখালী উপজেলার পাঁচ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মাতারবাড়ীতে মোহাম্মদ উল্লাহ, ধলঘাটে কামরুল হাসান, হোয়ানকে মোস্তফা কামাল, কুতুবজোমে মোশাররফ হোসেন ও ছোট মহেশখালীতে মো. জিহাদ বিন আলী চেয়ারম্যান নির্বাচিত হন।