মহেশখালীতে শামুক ঝিনুক আহরণ বন্ধ হচ্ছে না
কক্সবাজারের মহেশখালীর উপকূলের বিভিন্ন স্থানে শামুক-ঝিনুক আহরণ বন্ধ হচ্ছে না। অব্যাহতভাবে শামুক-ঝিনুক আহরণ করায় হুমকিতে পড়েছে পরিবেশ। দ্বীপের দুই শতাধিক নারী-পুরুষ এ কাজে নিয়োজিত বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহেশখালী উপজেলার উপকূলীয় এলাকা সোনাদিয়া, মগচর, বহদ্দারখাল, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, ধলঘাট ও মাতারবাড়ির পশ্চিম চর এলাকা থেকে স্থানীয় লোকজন অবাধে শামুক-ঝিনুক আহরণ করেন। প্রতিদিন জোয়ারের পানি নেমে যাওয়ার পর চর এলাকায় আটকা পড়া শামুক-ঝিনুক আহরণ করে বস্তায় ভরে বাইরে বিক্রি করা হয়।গত বছর ২৭ সেপ্টেম্বর উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা সেতুসংলগ্ন এলাকার একটি গুদাম থেকে সাড়ে তিন শ বস্তা শামুক-ঝিনুক জব্দ করে। এরপর ওই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পরিবেশ অধিদপ্তর নোটিশ দিয়ে সতর্ক করে। তখন কিছুদিনের জন্য আহরণ বন্ধ থাকলেও এখন আবার আগের অবস্থায় ফিরে গেছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে পরিবেশ অধিদপ্তর মহেশখালীর উপকূলীয় সোনাদিয়া ও ঘটিভাঙ্গাকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। এতে প্যারাবন নিধন, পাখি শিকার, শামুক-ঝিনুক আহরণ, কাছিম ও কাছিমের ডিম ধরা নিষিদ্ধ করা হয়। মাতারবাড়ি সিকদারপাড়ার স্থানীয় বাসিন্দা নূর আহমদ ও কলিম উল্লাহ জানান, মাতারবাড়ির পশ্চিমে চর এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে শামুক-ঝিনুক আহরণ করে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলার বড় মহেশখালী, হোয়ানক ও কালারমারছড়া এলাকায় নিয়ে চুন তৈরি করছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হলেও দেখার কেউ নেই। সরেজমিনে দেখা যায়, সোনাদিয়া দ্বীপের পশ্চিম ও পূর্ব সমুদ্রসৈকত এবং মগচর এলাকা থেকে স্থানীয় লোকজন দুই দলে ভাগ হয়ে শামুক-ঝিনুক আহরণ করছেন। একদল আহরণ করছে, আরেক দল সেগুলো বস্তায় ভরছে। এ ছাড়া ধলঘাটা ইউনিয়নের সুতরিয়া, সরইতলা ও মাতারবাড়িতেও শামুক-ঝিনুক আহরণ করা হচ্ছে অবাধে। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের মহেশখালীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুুম জানান, মহেশখালীতে দুই শতাধিক লোক অবৈধভাবে চর এলাকা থেকে শামুক-ঝিনুক আহরণ করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ জন্য আহরণ বন্ধ করতে গ্রামপর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। আহরণকারী নারী ও পুরুষের পেশা পরিবর্তন করার জন্য প্রায় ১৫০ জনকে সাত লাখ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। এর পরও শামুক-ঝিনুক আহরণ বন্ধ হচ্ছে না।