মহেশখালীতে শুঁটকি তৈরির উৎসব

কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলজুড়ে শীতের মিঠে-কড়া রোদে শুঁটকি তৈরির উৎসব চলছে। উপজেলার সোনাদিয়া দ্বীপসহ ২০টি স্থানে বিভিন্ন প্রজাতির মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করছেন শ্রমিকেরা। তিন থেকে চার দিন শুকানোর পর এসব শুঁটকি কক্সবাজারসহ সারা দেশে সরবরাহ করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নভেম্বর মাসে শুরু হয় শুঁটকি তৈরির কাজ। চলে পুরো শুষ্ক মৌসুম ধরেই। সোনাদিয়া দ্বীপের মগচর ও পশ্চিমপাড়া চর, গোরকঘাটা জেটিসংলগ্ন এলাকা, ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা, ধলঘাটার সাপমারার ডেইল, সুতরিয়া ও মাতারবাড়ী ইউনিয়নের চর এলাকায় অবস্থিত বিভিন্ন শুঁটকির মহালে তৈরি হচ্ছে শুঁটকি। রুপচাঁদা, লাইট্যা, লাক্ষ্যা, ছুরি, চিংড়ি, ফাইশ্যাসহ বিভিন্ন জাতের শুঁটকি তৈরি হচ্ছে এসব মহালে। স্থানীয় ব্যবসায়ীরা ২ হাজার ৫০০ থেকে দুই হাজার টাকায় রুপচাঁদা, ৩৫০ টাকায় লইট্যা, ৭৫০ থেকে ৯০০ টাকায় ছুরি শুঁটকি বিক্রি করছেন। সোনাদিয়ার মগচর এলাকার শুঁটকি ব্যবসায়ী ফজল করিম জানান, শীত মৌসুমে এই দ্বীপের প্রায় এক কোটি টাকার বিভিন্ন প্রজাতির শুঁটকি মাছ বাইরে বিক্রি হয়।
ধলঘাটা ইউনিয়নের সরইতলা এলাকার শুঁটকি ব্যবসায়ী আমান উল্লাহ ও নুরুল আমিন জানান, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে শুঁটকি মাছ উৎপাদনের কাজ পুরোদমে চলছে। তবে এ বছর গত বছরের তুলনায় দাম বেশি থাকায় মাছ জোগাড় করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
গোরকঘাটা বাজারের শুঁটকি বিক্রেতা নুর হোসাইন বলেন, শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মহেশখালীতে পর্যটকেরা আসতে শুরু করেছেন। এ কারণে শুঁটকির বিক্রিও ভালো।
স্থানীয় মাতারবাডড়ী সাইরার ডেইল এলাকার ব্যবসায়ী শের আলী জানান, গত বছর শীত মৌসুমে হরতালের কারণে শুঁটকি মাছ তেমন বিক্রি হয়নি। এ কারণে লোকসানে পড়তে হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু এ বছর বেচাকেনা বেশ ভালো। তাই গত বছরের লোকসান কাটিয়ে ব্যবসায়ীরা এবারে অনেকটা লাভের মুখ দেখছেন বলে তিনি জানান।