মহেশখালীতে সন্ত্রাসী গ্রুপের তৎপরতায় আতঙ্কিত দ্বীপবাসী
কক্সবাজারের মহেশখালীতে কালারমারছড়া ইউনিয়নে সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। ইতিমধ্যে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে। এ কারণে ইউনিয়নের ৬৫ হাজার মানুষের নির্ঘুম রাত কাটছে। স্থানীয় লোকজন জানান, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার, চিংড়িঘের দখল-বেদখল ও পাল্টাপাল্টি মামলা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধের ঘটনায় দুজন নিহত ও শতাধিক আহত হয়। এদিকে, গত সোমবার সকালে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে গিয়ে কালারমারছড়া নুনাছড়ির পশ্চিমে সন্ত্রাসী ও র্যাব সদস্যদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্য শাহেদ মিয়া (৩০) নামের এক যুবক নিহত হন। পরে র্যাবের সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করে এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেন।কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ির বাসিন্দা মোজাম্মেল হক তালুকদার জানান, সন্ত্রাসীদের হাতে পুরো এলাকার মানুষ আজ জিম্মি। অসহায় হয়ে পড়েছে এলাকার লোকজন। এমনকি সন্ত্রাসীদের ভয়ে স্থানীয় লোকজন বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পর্যন্ত কিনতে পারছে না।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম বলেন, ‘কালারমারছড়ার উত্তর নলবিলা, চালিয়াতলী, আধারঘোনা, নুনাছড়ি ও কালারমারছড়া বাজার এলাকায় প্রতিনিয়ত চলছে সন্ত্রাসের রাজত্ব। প্রাণের ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেন না।’ কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মির কাসেম চৌধুরী জানান, বজল, মোহাম্মদ কাসেম ও মোহাম্মদ খলিল নামের তিন সন্ত্রাসী গ্রুপের লোকজন বেপরোয়া হয়ে উঠেছে। এ কারণে এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে এলাকার বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও জনগণকে নিয়ে গত শুক্রবার একটি সভা করা হয়। কিন্তু এর পরও সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ হয়নি। এ প্রসঙ্গে মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, প্রায় আট বছর ধরে দুই সন্ত্রাসী বাহিনী খলিল ও কাসেমের মধ্যে বিরোধের জের ধরে বেশ কয়েকবার সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ফলে ওই দুই সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে পাহাড়ি এলাকায় বেশ কয়েকবার অভিযান চালানো হয়। দুই সন্ত্রাসী বাহিনীর মূল হোতাদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে। এদিকে, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে প্রতিনিয়ত ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। গত রোববার বিকেলে চকরিয়া থেকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি মহেশখালী হয়ে চালিয়াতলি-মাতারবাড়ি সড়ক দিয়ে যাওয়ার পথে উত্তরনল বিলার পশ্চিমে ধারার ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে একদল ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতেরা তাঁদের মারধর করে পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায়। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, প্রায় সময় ওই সড়কে বজল গ্রুপের লোকজন ডাকাতির ঘটনা সংঘটিত করে আসছে। ডাকাতি প্রতিরোধে উত্তরনল বিলা চালিয়াতলিসংলগ্ন এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য উপজেলা মাসিক আইনশৃঙ্খলার সভায় বেশ কয়েকবার উত্থাপন করলেও কোনো কাজ হয়নি। ফলে ডাকাতের ভয়ে এলাকার মানুষ আতঙ্কে দিন কাটচ্ছে। মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে সন্ত্রাসী বজলের নেতৃত্বে ডাকাতি ও ছিনতায়ের ঘটনা ঘটছে। তাই ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সন্ধ্যার পর থেকে ওই সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।