মহেশখালীতে সাত ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই
কক্সবাজারের মহেশখালী উপজেলার সাতটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চিকিৎসক নেই। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসক থাকার নিয়ম থাকলেও ছয় মাস থেকে এক বছর ধরে পদগুলো শূন্য রয়েছে। লোকবল না থাকায় তিন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রায় এক বছর ধরে বন্ধই রয়েছে। ফলে গ্রামের লোকজন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মাতারবাডী, ধলঘাটা, কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে কোনো চিকিৎসক নেই। নিয়ম অনুযায়ী, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসকসহ ছয়জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা। কোনো পদেই লোকবল না থাকায় ধলঘাটা, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এক বছর ধরে তালা ঝুলছে। বাকি পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চলছে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দিয়ে।
এর আগে ২০১৪ সালে সরকার সাত ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সাতজন চিকিৎসক নিয়োগ দেন। পরে গত বছরের এপ্রিলে হোয়ানক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছাড়া বাকি ছয় ইউনিয়নের চিকিৎসক অন্যত্র বদলি হয়ে যান। তবে বদলি না হলেও ছয় মাস ধরে ছুটিতে আছেন হোয়ানক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হাদিছা মারজান।
এ ব্যাপারে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, চিকিৎসক না থাকায় গ্রামের লোকজন সেবা পাচ্ছেন না। তাই স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
জানতে চাইলে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী বলেন, দেড় বছর আগে সাত ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। পরে কয়েক মাস যেতে না যেতেই তাঁরা বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ায় চিকিৎসকের পদ শূন্য হয়ে পড়ে। তাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করা হয়েছে।