মহেশখালীতে সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এখনো সংস্কার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এখনো সংস্কার করা হয়নি। ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে সাগরের জোয়ারের পানি ঢুকে তিন ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হচ্ছে। জানা গেছে, ২০০৭ সালের নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে তিন ইউনিয়ন—শাপলাপুর, ধলঘাটা ও মাতারবাড়ির প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভেঙে যায়। কিন্তু চার বছরেও বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ির রাজঘাট ও রাঙ্গাখালীতে দুই কিলোমিটার, ধলঘাটার সাপমারার ডেইল, সুতরিয়া, পণ্ডিত ডেইলের ১৫ কিলোমিটার ও শাপলাপুরের পূর্ব পাশের সাত কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙা বাঁধ দিয়ে এসব স্থানে জোয়ারের পানি লোকালয়ে ঢুকছে। মাতারবাড়ি মগডেইল এলাকার বাসিন্দা নুর বক্স জানান, অরক্ষিত বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় এলাকায় জোয়ার-ভাটা চলছে। এতে স্থানীয় লোকজন ক্ষতির সম্মুখীন হচ্ছে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উলাহ বলেন, ‘ঘূর্ণিঝড়ে মাতারবাড়ি-ধলঘাটার ৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় এলাকায় এখন জোয়ার-ভাটা চলছে। তাই জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করলে সাগরে মাতারবাড়ি-ধলঘাট ইউনিয়ন বিলীন হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। একই কথা বললেন মাতারবাড়ির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরীও। অপরদিকে শাপলাপুর এলাকার পূর্ব পাশের সাত কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভেঙে যাওয়ায় কৃষকেরা জমিতে চাষ করতে পারছেন না বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী। ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘চার বছর ধরে আমার চাষযোগ্য প্রায় দুই একর কৃষি জমিতে চাষ করতে পারছি না। এ ছাড়া অরক্ষিত বেড়িবাঁধের কারণে শাপলাপুর বাজারের পূর্ব পাশের খানচারবিল, কুমারখালী ঘোনা, জেমঘাট-সংলগ্ন এলাকা, দীঘি ঘোনা ও দীনেশপুরের ৭০০ একরের কৃষিজমিতে কয়েক বছর ধরে কৃষকেরা আমন চাষ করতে পারছেন না।’এ প্রসঙ্গে মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে অনেক স্থানে লোকালয়ে জোয়ার-ভাটা চলছে। এ কারণে এলাকার মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই অরক্ষিত বাঁধ সংস্কার করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।’ ভাঙা বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় লোকালয়ে জোয়ারের পানি ঢুকে স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বীকার করে কক্সবাজার পানিউন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, ‘অরক্ষিত বাঁধ স্থায়ীভাবে সংস্কারের জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ চেয়ে গত বছর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় বাঁধ সংস্কার করা সম্ভব হচ্ছে না।’