মহেশখালীতে সৈকত সড়কে গাড়ি চলাচল বন্ধ ৫ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে চরপাড়া সৈকত সড়কে পাঁচ বছর ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ২০০৬ সালে প্রবল বৃষ্টিতে আধা কিলোমিটার অংশে ইট উঠে যাওয়ায় এ দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয় লোকজন অনেক দিন ধরে এ সড়ক সংস্কারের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয়নি। ফলে সড়কের বেহাল অবস্থার কারণে চরপাড়া সমুদ্রসৈকতে পর্যটকদের আনাগোনাও কমে গেছে।সরেজমিনে দেখা গেছে, ইট উঠে যাওয়া আধা কিলোমিটার অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ওই অংশ দিয়ে রিকশা চলাচল করতে পারছে না। হেঁটেই যাতায়াত করতে হচ্ছে।স্থানীয় বাসিন্দা কামাল হোসেন, আনোয়ার হোসেন ও সেলিম উদ্দিন জানান, মহেশখালী উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে চরপাড়া সমুদ্রসৈকত অন্যতম। একসময় এ সৈকতে পর্যটকের ঢল নামত। সড়কের বেহাল দশার কারণে এখন পর্যটকেরা আগের মতো আসছে না। সম্প্রতি ঢাকা থেকে আসা পর্যটক আবদুর রহিম ও জাহেদুল ইসলাম জানান, সমুদ্রসৈকত দেখে বেশ ভালো লেগেছে। কিন্তু পরিবার-পরিজন নিয়ে হেঁটে যাতায়াত করতে কষ্ট হয়েছে বেশি।এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া জানান, স্থানীয় লোকজন ও দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে চরপাড়া সমুদ্রসৈকত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। চলতি বাজেটে পৌর এলাকার অভ্যন্তরীণ সড়ক সংস্কারের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এসব বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে সৈকত সড়কও রয়েছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, চরপাড়া সমুদ্রসৈকত সড়কটি যাতায়াতের অনুপযোগী হওয়ার কারণে অনেক দিন ধরে ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সমুদ্রসৈকতে পর্যটকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সড়কটি সংস্কার করা হলে এখানে পর্যটকদের ঢল নামত।