মহেশখালীতে স্কুলে ২৭ হাজার শিক্ষার্থী পাচ্ছে দুপুরের নাশতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ২৭ হাজার ২৩২ জন শিশু শিক্ষার্থীর হাতে দুপুরের নাশতা হিসেবে তুলে দেওয়া হচ্ছে বিনা মূল্যে ৭৮ গ্রাম ওজনের আটটি বিস্কুটের প্যাকেট। এতে শিশুরা মহাখুশি। ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছর এই কার্যক্রম চলবে।মহেশখালী পৌরসভার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী শিউলী রানী পাল (১২) জানায়, আগে দুপুরে খাবার খেতে বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে বাড়িতে গিয়ে খেয়ে আসতে হতো। তখন সময়ের অপচয় হতো। এখন দুপুরের ছুটিতে শিক্ষকেরা বিস্কুটের প্যাকেট সবার হাতে হাতে তুলে দিচ্ছেন। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ উপজেলায় ‘স্কুল ফিডিং প্রোগ্রাম’-এর আওতায় বিনা মূল্যে শিক্ষার্থীদের বিস্কুট বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে দুপুরের খাবার হিসেবে বিস্কুট বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কোস্ট ট্রাস্ট’। গত ৩০ জুলাই সকাল সাড়ে নয়টায় মহেশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।আফছারুল আমীন বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হার বৃদ্ধি, শিশুদের পুষ্টি জোগানো এবং সর্বোপরি মানসম্মত শিক্ষার লক্ষ্যেই বিদ্যালয়ের শিশুদের মধ্যে খাদ্য (বিস্কুট) বিতরণের এ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১০টি উপজেলায় এই স্কুল ফিডিং প্রোগ্রাম চালু হয়েছে। এখন বিস্কুট বিতরণ করা হলেও ভবিষ্যতে রান্না করা খাবার দিয়ে এ কার্যক্রম চালু রাখার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া বলেন, উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-স্বল্পতা রয়েছে। এ কারণে ছেলেমেয়েদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। তিনি এ ব্যাপারে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।