মহেশখালীতে স্যানিটেশন-সুবিধা পাচ্ছে না হাজারো মানুষ
কক্সবাজারের মহেশখালী উপজেলার আট ইউনিয়নের হাজারো মানুষ স্যানিটেশন-সুবিধা পাচ্ছে না। যত্রতত্র মলত্যাগ করায় দূষিত হচ্ছে পরিবেশ। ফলে এসব এলাকায় কলেরা, আমাশয়, ডায়রিয়া ও ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মাতারবাড়ি, ধলঘাট, কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, কুতুবজোম, বড়মহেশখালী ও ছোটমহেশখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে স্যানিটেশনের ব্যবস্থা নেই বললে চলে। সচেতনতার অভাবে স্থানীয় লোকজন সড়কের পাশে, পাহাড়ের ঢালু, আবাদি জমি ও খালের পাড়—বিভিন্ন স্থানে যত্রতত্র মলত্যাগ করছে স্থানীয় লোকজন। এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদ প্রতিবছর বিনা মূল্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করলেও দরিদ্র লোকজন তা পায় না। কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার বাসিন্দা আবদুল খালেক, নজরুল ইসলাম ও নুরুল আলম বলেন, ‘দুমুঠো খাবার জোগাড় করতেই অনেক কষ্ট হচ্ছে, এর মধ্যে স্যানিটারি ল্যাট্রিন বসাব কীভাবে?’ ঘটিভাঙ্গার বাসিন্দা জাফর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি স্যানিটারি ল্যাট্রিন পাওয়ার জন্য অনেক বার পরিষদে গিয়েছিলাম। কিন্তু দুই বছর যোগাযোগ করেও পাইনি।’ধলঘাটার স্বাস্থ্যকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বাড়ি বাড়ি গিয়ে এলাকার লোকজনকে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করার জন্য সচেতনতা সৃষ্টি করা হলেও দারিদ্র্যের কারণে অনেকেই তা বসাতে পারছে না। ফলে যত্রতত্র মলত্যাগ করায় পরিবেশ দূষিত হয়ে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার লোকজন। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘চলতি বছর যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র লোকজনের মধ্যে বিনা মূল্যে ৬০টি স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। তবে এর আগের চেয়ারম্যান যাচাই-বাছাই করে তা বিতরণ করেছে কি না আমার জানা নেই।’ মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ২০১৩ সালের মধ্যে শতভাগ স্যানিটেশন বাস্তবায়নের আওতায় আনার লক্ষ্যে জনগণকে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি পরিষদের পক্ষে দরিদ্র লোকজনের মধ্যে গত জুলাই মাসে বিনা মূল্যে ১৫৩টি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। এদিকে, ২০১৩ সালের মধ্যে শতভাগ স্যানিটেশন বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ প্রসঙ্গে উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক বলেন, উপজেলার হাজারো মানুষ এখনো পর্যন্ত স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করেন না। এতে ২০১৩ সালের মধ্যে শতভাগ স্যানিটেশন বাস্তবায়ন হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ বলেন, ‘বিভিন্ন স্থানে খোলা ল্যাট্রিন ব্যবহারসহ যত্রতত্র মলত্যাগ করায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় লোকজন।’ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রত্যন্ত গ্রামে স্যানিটেশন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদ থেকে প্রতিবছর প্রত্যেক ইউপির জন্য আলাদা বরাদ্দ দেওয়া হচ্ছে। সচেতনতা সৃষ্টি করতে গ্রামে বিভিন্ন সমাবেশে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।’