মহেশখালীতে হাটবাজারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
কক্সবাজারের মহেশখালী উপজেলার অধিকাংশ হাটবাজারে পণ্যের টোলের তালিকা টাঙানো হয়নি। বাজার ইজারা নেওয়া ব্যবসায়ীরা বিক্রেতাদের কাছ থেকে বিভিন্ন পণ্যের পেছনে অতিরিক্ত টোল আদায় করছেন বলে অভিযোগ আছে। নিয়ম অনুযায়ী প্রতিটি পণ্যের সরকার নির্ধারিত টোলের তালিকা বাজারে সাইনবোর্ড আকারে টাঙিয়ে দেওয়ার কথা। তবে সেটা মানছেন না ইজারাদারেরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহেশখালীর আটটি ইউনিয়নে ২২টি হাটবাজার রয়েছে। এর মধ্যে মাতারবাড়িতে তিনটি, ধলঘাটায় একটি, কালারমারছড়ায় ছয়টি, হোয়ানকে পাঁচটি, বড় মহেশখালীতে একটি, শাপলাপুরে তিনটি, ছোট মহেশখালীতে একটি ও কুতুবজোমে দুটি হাটবাজার রয়েছে। আর এসব হাটবাজার প্রতিবছর ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত এক বছরের জন্য নিলাম দেওয়া হয়। নিলামের সঙ্গে হাটবাজারে বিক্রি হওয়া বিভিন্ন পণ্যের বিপরীতে সরকার নির্ধারিত টোলের তালিকা প্রকাশ করা হয়।
সরকারের নির্ধারিত তালিকা অনুযায়ী পেঁয়াজ, রসুন, হলুদ, আলু, মরিচ প্রতি কুইন্টালের জন্য ১৬ টাকা, তরকারির প্রতি কুইন্টালের জন্য আট টাকা এবং আটা প্রতি কুইন্টালের জন্য পাঁচ টাকা আদায় করা যাবে। এ ছাড়া আম, কাঁঠাল, কলা, লিচু, আনারস, কমলা ইত্যাদি ফল প্রতি শয়ের জন্য চার টাকা, নারকেল প্রতি শয়ের জন্য ২৪ টাকা, মুরগির ডিম প্রতি শয়ের জন্য চার টাকা টোল আদায়ের নিয়ম আছে। তবে তালিকা না টাঙানোয় বিক্রেতাদের কাছ থেকে ইজারাদারেরা খেয়ালখুশিমতো টোল নিচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হোয়ানক, শাপলাপুর, ছোটমহেশখালী, কুতুবজোম, মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের ১৬টি হাটবাজারের কোথাও বিক্রয়পণ্যের টোলের তালিকা টাঙানো হয়নি। এতে বিক্রেতাদের কাছ থেকে ইজারাদারের নিজের ইচ্ছেমতো টোল আদায় করছে বলে অনেক বিক্রেতা জানিয়েছেন।
শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার পানচাষি নুরুল আলম ও আমির হোসেন বলেন, সরকারি তালিকা অনুযায়ী ১০০ বিড়া (আট হাজার) পানের জন্য টোল নির্ধারণ করা হয়ছে ১৬ টাকা। কিন্তু ইজারাদারেরা নিচ্ছেন ৬০-৭০ টাকা। এভাবে টোল আদায় করলেও প্রসাশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
মাতারবাড়ি রাজঘাট এলাকার মাছবিক্রেতা লেদু মিয়া বলেন, হাটবাজারে কোথাও টোল আদায়ের সাইনবোর্ড টাঙানো হয়নি। এ কারণে নিয়মবহির্ভূতভাবে ইজারাদারেরা টোল আদায় করছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে শাপলাপুর বাজারের ইজারাদার আবু সিদ্দিক বলেন, সরকারের নির্ধারিত হারেই টোল আদায় হচ্ছে। অতিরিক্ত টাকা আদায় হচ্ছে না। আর দুয়েক দিনের মধ্যে পণ্যের টোলের তালিকা টাঙিয়ে দেওয়া হবে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের প্রথম আলোকে বলেন, হাটবাজারের সার্বিক বিষয়ে ২২ জন ইজারাদার নিয়ে বৈঠক করা হয়েছে।
বৈঠকে সাত দিনের মধ্যে হাটবাজারে পণ্যের টোলের তালিকা টাঙানোর জন্য সংশ্লিষ্ট ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও কেউ না মানলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।