মহেশখালীতে ১০ বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় চিহ্নিত ১০টি বধ্যভূমি সংরক্ষণে এখনো কোনো উদ্যোগ নেই। গত বছরের জুলাই মাসে অনুসন্ধান করে উপজেলা প্রশাসন ১০টি বধ্যভূমিতে ৮৮ জন শহীদের কবর শনাক্ত করে। এসব বধ্যভূমি সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করা হলেও বরাদ্দ না পাওয়ায় এগুলো অযত্ন-অবহেলায় পড়ে আছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকারের সময় মহেশখালীতে বধ্যভূমি চিহ্নত করার কার্যক্রম চলে। ওই সময় কিছু রাজনৈতিক দলের নেতার প্ররোচনায় প্রশাসনের কর্মকর্তারা এই এলাকায় কোনো বধ্যভূমি নেই বলে প্রতিবেদন দেন। এরপর বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত বছরের জুলাই মাসে এ এলাকায় বধ্যভূমি আছে কি না, তা তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। এরপর গত ২৬ জুলাই শহীদ মুক্তিযোদ্ধাদের বধ্যভূমি চিহ্নিত ও শহীদদের তালিকা তৈরির কাজ শুরু হয়। এতে তৎকালীন উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে একটি অনুসন্ধান কমিটি গঠন করে। ওই কমিটি উপজেলার ছয় ইউনিয়নে ১০টি বধ্যভূমির সন্ধান পায়। এর মধ্যে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়া কবরস্থান ও শ্মশানসংলগ্ন এলাকায় দুটি, মুন্সির ডেইল, হোয়ানকের পুইছড়ি, কালারমার বাজার, ঠাকুরতলা আদিনাথ পাহাড়, গোরকঘাটা মাছবাজার, দক্ষিণ হিন্দুপাড়া, পৌরসভার পালপাড়া ও কায়স্থপাড়ায় একটি করে বধ্যভূমি চিহ্নিত করা হয়। মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ প্রথম আলোকে বলেন, মাঠপর্যায়ে অনুসন্ধান করে ১০টি বধ্যভূমিতে ৮৮ জন শহীদের কবর শনাক্ত করা হয়েছে। বর্তমানে এসব বধ্যভূমিতে লাল পতাকা দিয়ে চিহ্ন দেওয়া আছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন বলেন, বধ্যভূমিগুলো সরকারিভাবে সংরক্ষণ করে স্মৃতিস্তম্ভ স্থাপন করার পরিকল্পনা রয়েছে। তবে এসব বধ্যভূমি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য ইতিমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু হবে।