কক্সবাজারের মহেশখালী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি গত মঙ্গলবার চালু হয়েছে। এর আওতায় ৮ ইউনিয়নের ১৩ হাজার ২৬২ অসহায় পরিবার প্রতি মাসে নিকটতম পরিবেশকের কাছ থেকে প্রতি কেজি ১০ টাকা করে ৩০ কেজি চাল কিনতে পারবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নে ১০ টাকা দরের চাল বিক্রি করার জন্য ২৫ জন পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। এসব পরিবেশকের কাছ থেকে নির্বাচিত উপকারভোগী পরিবার প্রতি মাসে একবার ৩০ কেজি চাল কিনতে পারবে। সপ্তাহের শুক্র, শনি ও মঙ্গলবার পরিবেশকেরা চাল বিক্রি করবেন। ইউনিয়ন ও উপজেলা কমিটি যাচাই-বাছাই করে ১৩ হাজার ২৬২ পরিবারের তালিকা তৈরি করে।
গত মঙ্গলবার বেলা তিনটায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাজমুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আইয়ুব আলী, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিম উদ্দিন প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আইয়ুব আলী বলেন, প্রথম দিনে ছোট মহেশখালী ইউনিয়নের ৫০ পরিবারকে ১০ টাকার চাল বিতরণ করা হয়। বাকি ইউনিয়নে কয়েক দিনের মধ্যে চাল বিতরণ শুরু হবে।