মহেশখালীতে ১৫ দিনব্যাপী আদিনাথ মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান আদিনাথ মন্দিরের শিবচতুর্দশী পূজা ও মেলা আজ থেকে শুরু হচ্ছে। ১৫ দিনব্যাপী এ মেলা ও শিবমন্দির দেখার জন্য ভারত, নেপাল, শ্রীলংকা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো তীর্থযাত্রীর সমাগম হবে বলে মেলার আয়োজকেরা আশা করছেন।
জানা গেছে, মেলায় অন্যান্য বছরের মতো যাত্রা, সার্কাস, পুতুলনাচ ও লটারির আয়োজন এবার থাকছে না। সংঘাত এড়ানোর লক্ষ্যে প্রশাসন এসবের অনুমতি দেয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। মেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত।
মেলার আয়োজকেরা জানান, মেলা চলাকালে আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক তীর্থযাত্রী আসেন মহেশখালী। অনেক সময় নৌপথে কক্সবাজার-মহেশখালী পারাপারের সময় তীর্থযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। তবে এবার বেশির ভাগ তীর্থযাত্রী সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে আদিনাথে আসতে পারবেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগের মতো ভোগান্তি পোহাতে হবে না। আদিনাথ মেলা কার্যকরী কমিটির সভাপতি পূর্ণচন্দ্র দে বলেন, মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবার জন্য ১০০ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক দল কাজ করবে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, মেলায় সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের জানান, আদিনাথ মন্দিরের পূজা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন একটি তদারকি কমিটি গঠন করেছে।