কক্সবাজারের মহেশখালী উপজেলার হিসাবরক্ষণ কার্যালয়ে পাঁচটি পদের মধ্যে চারটিই এখন শূন্য। কর্মরত আছেন একজন জুনিয়র নিরীক্ষক। তিনি ১৮ দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য বিলের যাচাই-বাছাইয়ের কাজ করছেন। এর ফলে বেতন-ভাতা পেতে দেরি হচ্ছে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের।
উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় সূত্র জানায়, গত মার্চে হিসাবরক্ষণ কর্মকর্তা দিদারুল আলম অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর পদটি শূন্য রয়েছে। হিসাবরক্ষণ কর্মকর্তার পদে এখন অতিরিক্ত দায়িত্ব আছেন জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সুকোমল বড়ুয়া। তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। এ ছাড়া নিরীক্ষক, টাইপিস্ট ও অফিস সহকারীর পদ শূন্য রয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জানান, নিয়মিত মাসিক বেতন-ভাতার বিলের পাশাপাশি জিপি ফান্ড থেকে ঋণ নেওয়া, বকেয়া, পরিবহন ও স্টেশনারি বিল নেওয়ার আগে হিসাবরক্ষণ কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। নিরীক্ষক যাচাই-বাছাই করার পর ওই ভাউচারে হিসাবরক্ষণ কর্মকর্তা চূড়ান্ত সই করেন। এরপর ভাউচারের কপি ব্যাংকে জমা দিয়ে টাকা তুলতে হয়। কিন্তু লোকবল সংকটের কারণে এক ঘণ্টার কাজ দুই সপ্তাহেও শেষ হয় না।
এ প্রসঙ্গে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের জুনিয়র নিরীক্ষক মধু সরকার বলেন, চারজনের কাজ এখন একজন দিয়ে চালাতে হচ্ছে। দিন–রাত খেটেও দিনের কাজ দিনে শেষ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ অন্যান্য পদে লোক নিয়োগের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হলেও কোনো কাজ হচ্ছে না। উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, উপজেলায় হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় ঠিকাদারেরা বিল নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি সময়মতো বিল না পাওয়ার কারণে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, এখন একজন জুনিয়র নিরীক্ষক দিয়ে চলে ১৮ দপ্তরের কাজ। জরুরি ভিত্তিতে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগ দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।