মহেশখালীতে ৩১টি গ্রামীণ সড়কের সংস্কারকাজ শুরু
কক্সবাজারের মহেশখালী উপজেলার আট ইউনিয়নের ৩১টি গ্রামীণ সড়কের সংস্কারকাজ চলছে। অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার শ্রমিক ১২ নভেম্বর থেকে কাজ শুরু করেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, মাতারবাড়িতে একটি, ধলঘাটায় একটি, কালারমারছড়ায় পাঁচটি, শাপলাপুরে পাঁচটি, হোয়ানকে পাঁচটি, বড় মহেশখালী ইউনিয়নে পাঁচটি, কুতুবজোম ইউনিয়নে চারটি ও ছোট মহেশখালীতে পাঁচটি সড়কে সংস্কারকাজ চলছে।মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, এই এলাকার ৮০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক মাতারবাড়ি-চালিয়াতলি।কিন্তু সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়েছে লোকজনকে। এখন অতিদরিদ্র কর্মস্থান কর্মসূচির আওতায় ওই সড়ক সংস্কার করা হচ্ছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার প্রথম আলোকে বলেন, সড়কগুলোর সংস্কারকাজে হতদরিদ্র এক হাজার ৯৩৮ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। ৪০ দিনের মধ্যে এসব প্রকল্পের সংস্কারকাজ শেষ করা হবে।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘শ্রমিকেরা সপ্তাহে পাঁচ দিন কাজ করে তাঁদের নিজ নিজ অ্যাকাউন্ট থেকে চেক দিয়ে মজুরির টাকা তুলে নিচ্ছে। আর প্রতিজন শ্রমিক পাচ্ছেন দিনে ১৭৫ টাকা।’