মহেশখালীতে ৩২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বর্তমানে ৩২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় দুই কিলোমিটার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। আগামী মে মাসের আগে ভাঙা বাঁধ সংস্কার করা না হলে উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ঝুঁকিতে পড়বে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মইনুদ্দীনের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে মাতারবাড়ির রাজঘাট এলাকার ৪০০ মিটার বাঁধ সংস্কার ও সিসি ব্লক বসানোর জন্য তিন কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অবশিষ্ট ভাঙা বাঁধ সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন মহলে চাহিদাপত্র পাঠানো হয়েছে।সরেজমিনে দেখা গেছে, মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট ও রাঙ্গাখালীর প্রায় তিন কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। এসব বাঁধের অধিকাংশ অংশ বিভিন্ন সময় জলোচ্ছ্বাসে বিলীন হয়ে গেছে। ফলে চারটি মসজিদ, একটি মাদ্রাসা ও শতাধিক পরিবার হুমকির মুখে পড়েছে। রাজঘাট রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ ইদ্রিচ বলেন, ‘জোয়ারের পানি বেড়ে গেলে মাদ্রাসার মাঠ পর্যন্ত পানি চলে আসে।’ মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আবুল কাসেম বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে এই বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। কিন্তু বাঁধ সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, এ ইউনিয়নের সাপমারার ডেইল এলাকার প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। বর্ষার আগে এ বাঁধ মেরামত করা না হলে জোয়ারের পানিতে বেগুনবনিয়া, পণ্ডিত ডেইল, গুইজ্যার ডেইল, সুতরিয়া, খাতুরপাড়াসহ সাতটি গ্রাম প্লাবিত হবে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী বলেন, এ ইউনিয়নের উত্তর দীঘি ঘোনা, শাপলাপুর বাজারের পূর্বপাশে, দিনেশপুর, কুতুবদিয়াপাড়া, বারিয়ারপাড়ার পূর্বপাশে ও জেমঘাট এলাকায় প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। বর্ষার আগে বাঁধ সংস্কার না হলে পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।