মহেশখালীতে ৩৮ গ্রামীণ সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে মহেশখালী উপজেলার আট ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পথ চলতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার জানান, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনের বর্ষণে আটটি ইউনিয়নের অন্তত ৩৮টি গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করতে প্রায় ৭০ লাখ টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, উপজেলার মাতারবাড়ি, ধলঘাটা, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, কুতুবজোম, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের ৫২টি গ্রামীণ সড়ক রয়েছে। ভারী বর্ষণের কারণে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, বটতলীর দক্ষিণে, খোন্দকারপাড়া, মেহেরীয়াপাড়া, শাপলাপুর ইউনিয়নের মুকবেকী, জেমঘাট এলাকা, বারিয়ারপাড়া, ষাইটমারা, ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল, সরাইতলা, পণ্ডিত ডেইল, সুতরিয়া-সাইরারডেইল, মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল, পুরান বাজার, নয়াপাড়া, মিয়াজিরপাড়া ওয়াজেদ উদ্দিন, সিকদারপাড়া, ওয়াদ্দারপাড়া, কালারমারছড়া ইউনিয়নের ছয়টি ও হোয়ানকের চারটি সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাতারবাড়ী মগডেইলের বাসিন্দা হারুনুর রশিদ বলেন, ‘বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বর্তমানে রাস্তার যে অবস্থা, তাতে রিকশা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে।’ ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘প্রবল বর্ষণ ও সাগরের জোয়ারের পানি লোকালয়ে ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ধলঘাটার ছয়টি গ্রামীণ সড়ক লন্ডভন্ড করে দিয়েছে। ফলে এসব সড়ক দিয়ে যাতায়াত করতে স্থানীয় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ মাতারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়নের আটটি সড়কের ওপর এখন রিকশা পর্যন্ত চলাচল করতে পারছে না।’এ প্রসংগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি ভারী বর্ষণে উপজেলার আটটি ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো ভেঙে গেছে। এগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’