মহেশখালীতে অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় সংস্কার হয়েছে ৪০ গ্রামীণ সড়ক। ভাঙা সড়কগুলো সংস্কার করায় ভোগান্তি কমেছে স্থানীয় লোকজনের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় মহেশখালী উপজেলার আটটি ইউনিয়নের জন্য ২ কোটি ১৫ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
ওই টাকা দিয়ে উপজেলা প্রশাসন আটটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৫৫টি গ্রামীণ সড়ক সংস্কারের উদ্যোগ নেয়। কাজ শুরু হয় গত বছরের ২৮ নভেম্বর। ২৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪০টি সড়কের কাজ শেষ হয়েছে। বাকি ১৫ সড়কের কাজ চলছে।
স্থানীয় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, গত বর্ষায় জোয়ারের কবলে পড়ে দক্ষিণ মগডেইল-সাইরার ডেইল সংযোগ সড়কটি বিলীন হয়ে যায়। ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়ে অন্তত ১০ হাজার মানুষ। এখন অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় সড়কটি সংস্কার করায় স্থানীয় বাসিন্দারা খুশি।