কক্সবাজারের মহেশখালী উপজেলার আটটি ইউনিয়নের ৪৬টি গ্রামীণ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ হাজার ৬৯৫ জন শ্রমিক গত ৩০ এপ্রিল থেকে এই কাজে নিয়োজিত রয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় আট ইউনিয়নের জন্য ২ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই টাকা দিয়ে উপজেলা প্রশাসন গ্রামীণ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে।
মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া এলাকার সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিক ওয়াজ উদ্দিন বলেন, সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত মাটি ভরাটের কাজ চলে। এতে মজুরি হিসেবে প্রতিজন শ্রমিক ১৭৫ টাকা করে পান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম বলেন, দুই মাসের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করা হবে। শ্রমিকেরা সপ্তাহে পাঁচ দিন কাজ করে তাঁদের অ্যাকাউন্ট থেকে চেক দিয়ে মজুরির টাকা তুলতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচিতে কোনো অনিয়ম হচ্ছে কি না, তা দেখভাল করতে প্রত্যেক ইউনিয়নে একটি করে তদারকি কমিটি গঠন করা হয়েছে।