কক্সবাজারের মহেশখালী উপজেলার আট ইউনিয়নের গ্রামীণ সড়কের সংস্কারকাজ ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই হাজার ৬৬৪ জন শ্রমিক এই সংস্কারকাজ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় মহেশখালী উপজেলার আট ইউনিয়নের জন্য দুই কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেন। ওই টাকা দিয়ে উপজেলা প্রশাসন ৫১টি গ্রামীণ সড়ক সংস্কারের উদ্যোগ নেয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম বলেন, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় সড়কের সংস্কারকাজ চলছে। দুই মাসের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচিতে কোনো অনিয়ম হচ্ছে কি না তা তদারকি করতে প্রত্যেক ইউনিয়নে একটি করে কমিটি গঠন করা হয়েছে।