মহেশখালী উপজেলার সাত ইউনিয়নে ৫৫টি গ্রামীণ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই হাজার ৮০০ জন শ্রমিক ৬ এপ্রিল থেকে কাজ শুরু করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ে এ উপজেলার জন্য দুই কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় উপজেলা প্রশাসন আটটি ইউনিয়নের ৬০টি গ্রামীণ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে ৫৫টির।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ঘটিভাঙ্গা-সোনাদিয়া, চরপাড়া, মগকাটা মসজিদ ও তাজিয়াকাটা সড়ক সংস্কার করছেন শ্রমিকেরা। মগকাটা সড়কের সংস্কারকাজে নিয়োজিত শ্রমিক মাহমুদ উল্লাহ জানান, সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মাটি ভরাটের কাজ চলে। এতে দিনমজুরি হিসেবে প্রতিজন শ্রমিক ১৭৫ টাকা করে পান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার জানান, ৪০ দিনের মধ্যে এসব প্রকল্পের সংস্কারকাজ শেষ হবে। কাজ দেখাশুনার জন্য প্রত্যেক ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।