মহেশখালীতে ৮৭টি শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধলঘাট সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪৯ শিক্ষার্থী রয়েছে। এই বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষকের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিভিন্ন দাপ্তরিক কাজে উপজেলা সদরে যাতায়াত করতে হয়। তখন একজন শিক্ষকের ওপরই পুরো বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের ভার পড়ে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো মহেশখালী উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। আর ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৭০টি পদ শূন্য।
ধলঘাট সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকছুদুল করিম বলেন, এ বিদ্যালয়ে প্রায় ছয় বছর ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। যেখানে পাঁচজন শিক্ষক থাকার কথা, সেখানে আছেন দুজন। এ অবস্থায় বিদ্যালয়ের কার্যক্রম চালানো অনেকটা কঠিন হয়ে পড়েছে।
একই কথা বলেন মুহুরী ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন। তিনি বলেন, ধলঘাট দুর্গম এলাকা হিসেবে পরিচিত। এই এলাকায় কোনো শিক্ষক নিয়োগ দিলে তাঁরা তদবির করে অন্যত্র বদলি হয়ে চলে যান। ফলে শিক্ষকসংকট লেগেই আছে। শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে উপজেলার মাসিক সমন্বয় সভায় বারবার আলোচনা হলেও কোনো কাজ হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ছয় থেকে সাত বছর ধরে শূন্য রয়েছে। এ ছাড়া এসব বিদ্যালয়ের ৭০টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে শূন্য। যে ১৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেগুলো হলো চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবজোম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘটিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাগিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মগরিয়া কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকবেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুতরিয়ার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহুরিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান জানান, বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বেশ কয়েকবার। কিন্তু এরপরও শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।