মহেশখালীর আনন্দ স্কুল থেকে ঝরে পড়ল ২৭৬ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৬২টি আনন্দ স্কুলের ২৭৬ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার আগেই ঝরে গেছে। গত বছর চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ৮২৮ জন শিক্ষার্থী অংশ নিলেও এ বছর মে মাসে সমাপনী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়েছে ৫৫২ জন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঝরে পড়া শিক্ষার্থীরা ইউনিয়নের ২১টি আনন্দ স্কুলে পড়ত, যেসব বিদ্যালয়ে এখন আর কোনো শিক্ষার্থী নেই। প্রশাসন সূত্রে আরও জানা যায়, ২০১০ সালের শুরুতে ঝরে পড়া শিশুদের মূলধারার শিক্ষায় টেনে আনতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’ নামের প্রকল্প হাতে নেয়। আর এ প্রকল্পের আওতায় ৭ থেকে ১৪ বছরের শিক্ষার্থীদের আনন্দ স্কুলের মাধ্যমে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। উপজেলায় আনন্দ স্কুলের কার্যক্রম শুরু হয় ২০১০ সালে। এর অংশ হিসেবে ২০১১ সালে মাতারবাড়িতে ২ হাজার ৬২৫ জন শিক্ষার্থী নিয়ে ৭৫টি আনন্দ স্কুল চালু হয়। কিন্তু শিক্ষার্থী ঝরে পড়ায় পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় ১৩টি স্কুল। সর্বশেষ ৬২টি স্কুলের ৮২৮ শিক্ষার্থী টিকেছিল। এরা গত বছরের ডিসেম্বরে চতুর্থ শ্রেণির সমাপনী পরীক্ষায়ও অংশ নেয়। কিন্তু পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য গত মে মাসে তালিকা তৈরি করতে গেলে ৫৫২ জন শিক্ষার্থী পাওয়া যায়। ফলে পাঁচ মাসে ঝরে পড়ল আরও ২৭৬ জন শিক্ষার্থী। শিক্ষার্থী ঝরে পড়ায় ২১টি আনন্দ স্কুল বন্ধ হয়েছে গেছে।
আনন্দ স্কুলের কয়েকজন শিক্ষক জানান, চলতি বছরে ৮২৮ জন শিক্ষার্থীর জন্য শিক্ষাভাতা, উপকরণ, পরীক্ষার ফি ও পোশাকের বিপরীতে বরাদ্দ আসে ৯ লাখ ৬৮ হাজার ৭৬০ টাকা। প্রত্যেক শিক্ষার্থী ভাতা হিসেবে ১ হাজার ১৭০ টাকা পাবে। ২৭৬ শিক্ষার্থী ঝরে পড়ায় তাদের জন্য বরাদ্দ হওয়া ৩ লাখ ২২ হাজার ৯২০ টাকা ফেরত যাওয়ার কথা। তবে এখন পর্যন্ত শিক্ষাভাতার টাকা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়নি।
আনন্দ স্কুলের মহেশখালী উপজেলা প্রশিক্ষণ সমন্বয়কারী আবদুল লতিফ বলেন, গত বছরের ডিসেম্বর মাসে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় মাতারবাড়ী ইউনিয়নের আনন্দ স্কুল থেকে ৮২৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। কিন্তু তার মধ্যে গত মে মাসে প্রাথমিক সমাপনী পরীক্ষায় তালিকা তৈরি করতে গিয়ে ২৭৬ শিক্ষার্থীর কোনো হদিস মেলেনি। আর শিক্ষাভাতাসহ অন্যান্য টাকা বিতরণ না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহকারীদের তালিকাভুক্ত করতে অনেকটা বিলম্ব হওয়ায় ওই টাকা বিতরণ করা সম্ভব হয়নি।