মহেশখালীর চাষিদের মুখে তরমুজের হাসি
কক্সবাজারের মহেশখালী উপজেলা এলাকায় পাহাড়ের পাদদেশে ও সমতল আবাদি জমিতে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে এসব তরমুজ কিনে নিয়ে উপজেলার বিভিন্ন হাটবাজারের পাশাপাশি কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে গিয়ে বিক্রি করছেন। ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পেয়ে চাষিরাও বেশ খুশি।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সোনাদিয়া, বড়দিয়া, ঘটিভাঙা, তাজিয়াকাটা, নয়াপাড়া, ফকিরাকাটা, বড়ডেইল, পাহাড়তলী, উত্তরকুল, পানিরছড়া এবং শাপলাপুর ইউনিয়নের আটটি গ্রামের পাহাড়ি ভূমি ও আবাদি জমিতে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। সপ্তাহে দুবার চাষিরা খেত থেকে তরমুজ তুলে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।
গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী ও হোয়ানক ইউনিয়নের পানিরছড়ায় খেত থেকে চাষিরা তরমুজ তুলছেন। খেতের পাশের একটি জায়গায় তরমুজ স্তূপ করে রাখছিলেন চাষিরা। বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা সেখান থেকেই তরমুজ কিনে নিচ্ছিলেন। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছিল ৬০ থেকে ৮০ টাকায়।
স্থানীয় শাপলাপুর ইউনিয়নের মুরুংঘোনার তরমুজচাষি আব্দুর রহিম বলেন, ‘তিন মাস আগে তিন একর জমিতে তরমুজ চাষ করি। পরিচর্যা করার পাশাপাশি যথাসময়ে সার প্রয়োগ করায় এবারে তরমুজের বাম্পার ফলন হয়েছে।’
তিনি আরও বলেন, ইতিমধ্যে এক লাখ টাকার তরমুজ বিক্রি করলেও আরও দুই লাখ টাকার তরমুজ খেতে মজুত রয়েছে।
একই এলাকার বাসিন্দা চাষি খাইরুল আলম বলেন, টানা ১০ বছর ধরে তরমুজ চাষ করে চাষিরা বেশ লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার তরমুজের ফলন বেশি হয়েছে বলে তিনি জানান।
গোরকঘাটা বাজারের পাইকারি ব্যবসায়ী কলিম উল্লাহ ও আব্দুস শুক্কুর বলেন, চাষিদের কাছ থেকে পাইকারি দরে গড়ে ৬০-৮০ টাকা করে একেকটি তরমুজ কিনছেন তাঁরা। স্থানীয় বাজারের পাশাপাশি এসব তরমুজ কক্সবাজার ও চট্টগ্রামেও তাঁরা সরবরাহ করছেন।
জানতে চাইলে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম প্রথম আলোকে বলেন, চলতি বছরে উপজেলার কুতুবজোম, বড় মহেশখালী, ছোট মহেশখালী, শাপলাপুর ও হোয়ানক ইউনিয়নের প্রায় ১৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। তার মধ্যে বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়ের পাদদেশে ২০ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ হয়েছে। তরমুজের ফলনও বেশ ভালো হয়েছে। এক একর জমিতে তরমুজ চাষ করতে চাষিদের খরচ হয় ১ লাখ ২০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে এবার চাষিরা এক একরে এক থেকে দেড় লাখ টাকা করে লাভ করতে পারবেন।