মহেশখালীর ছয়টি স্থান দিয়ে মানব পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয়টি স্থান দিয়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মানব পাচার করছে দালাল চক্র। পুলিশ ও কোস্টগার্ড কয়েক দফা অভিযান চালালেও বন্ধ হয়নি পাচার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে মহেশখালী চ্যানেল ও কুতুবজোম এলাকা থেকে প্রায় ১৫০ জন মালয়েশিয়াগামী যাত্রী আটক করেন।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, অনেক দিন ধরে উপজেলার আদিনাথ জেটি, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা, ঘটিভাঙ্গা, বড়দিয়া, হামিদারদিয়া ও সোনাদিয়া পয়েন্ট দিয়ে মহেশখালী চ্যানেল হয়ে সমুদ্রপথে মানব পাচার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত পাঁচ মাসে এই চ্যানেল দিয়ে অন্তত চার হাজার লোক মালয়েশিয়ার উদ্দেশে পাচার করা হয়েছে। মহেশখালীর পুলিশ বিভাগ জানায়, টেকনাফ ও উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠার কারণে মানব পাচারকারীরা রুট পরিবর্তন করে মহেশখালী চ্যানেল দিয়ে লোক পাচার করছে। গত তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন প্রায় ১৫০ জন যাত্রী ও পাঁচজন দালাল। এর পরও এই চ্যানেল দিয়ে মানব পাচার বন্ধ হচ্ছে না।
কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, মহেশখালী চ্যানেল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচার হচ্ছে। কিন্তু প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের অনেকে দালালের প্রলোভনে দু-তিন লাখ টাকার বিনিময়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছেন।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, মানব পাচারকারীদের কাছে মহেশখালী চ্যানেল নিরাপদ আশ্রয়স্থল। গত পাঁচ মাসে এই চ্যানেল দিয়ে দালালেরা অন্তত চার হাজার লোক মালয়েশিয়ায় পাচার করে। স্থানীয় ৩০ জন পেশাদার দালাল প্রকাশ্যে মানব পাচার করছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, গত তিন মাসে শতাধিক পেশাদার দালালের বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে। জড়িত দালালদের ধরার চেষ্টা চলছে।