মহেশখালীর জেলেরা জলদস্যু আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা গহিরা সৈকত থেকে গাছ কেটে নিয়ে গেছে চোরের দল  প্রথম আলো
আনোয়ারা গহিরা সৈকত থেকে গাছ কেটে নিয়ে গেছে চোরের দল প্রথম আলো

বঙ্গোপসাগরে জলদস্যুদের তৎপরতা বেড়েই চলছে। সাগরে মাছ ধরতে গিয়ে শুক্র ও শনিবার মহেশখালীর ১০টি ফিশিং বোট জলদস্যুদের হামলার শিকার হয়েছে। এ ছাড়া জলদস্যুরা মুক্তিপণের জন্য অপহরণ করেছে ফিশিং বোটের পাঁচ মাঝিকে। জলদস্যুদের ভয়ে অনেক জেলে সাগরে মাছ ধরতে যাচ্ছেন না।
ফিশিং বোটের মালিকেরা জানান, অক্টোবর মাসের শেষের দিকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের পশ্চিম বঙ্গোপসাগরে জলদস্যুদের তৎপরতা বেড়ে যায়। ১ ও ২ নভেম্বর উপজেলার ছোটমহেশখালী ও কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ও তাজিয়াকাটার অন্তত ১০টি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে।
ফিশিং বোটের মালিকেরা জানান, গত ২৬ অক্টোবর উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গার এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য নুরুল আমিনের মালিকানাধীন এফবি টোফেল, এফবি বাবুল, মোহাম্মদ আবদুল মান্নানের এফবি মায়ের দোয়া, রহমত আলীর এফবি নয়ন, আজিমুল হকের এফবি মায়ের দোয়া, কালা মিয়ার মালিকানাধিন এফবি মায়ের দোয়াসহ ১০টি ফিশিং বোট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। কিন্তু তার মধ্যে গত শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনাচর এলাকায় মাছ ধরা অবস্থায় আটটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে।
এ সময় জলদস্যুরা ফিশিং বোটে উঠে জেলেদের মারধর করলে আট জেলে আহত হন।
পরে জলদস্যুরা মুক্তিপণের জন্য এফবি মায়ের দোয়ার মাঝি মোহাম্মদ ইলিয়াছ, এফবি বাবুলের মাঝি শামসুল আলম, এফবি নয়নের মাঝি বাশি মিয়া, এফবি মায়ের দোয়ার মাঝি মোহাম্মদ আলতাজ ও এফবি মায়ের দোয়ার মাঝি জাফর আলমকে অপহরণ করে সুন্দরবনে নিয়ে যায়।
এ ছাড়া পরের দিন শনিবার ভোররাতে সাগর থেকে মাছ ধরে কূলে ফেরার পথে এফবি মায়ের দোয়াসহ আরও দুটি ফিশিং বোট মহেশখালী চ্যানেলে পৌঁছালে জলদস্যুদের কবলে পড়ে। তাদের হামলায় ওই দুটি ফিশিং বোটের জেলে কবির আহমদ, মনজুর আলম, বাহার উদ্দিন, রুহুল আমিন, শামসুল আলম ও ওসমান গণি আহত হন।
গত রোববার দুপুরে জেলে পল্লি গোরকঘাটা ও ঘটিভাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, গোরকঘাটা জেটি ও ঘটিভাঙ্গা নৌ-ঘাটে নোঙর করা আছে কয়েক শ ফিশিং বোট। জলদস্যুদের ভয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যাচ্ছে না বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।
স্থানীয় কুতুবজোম ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে বোটমালিকেরা এখন পথে বসেছেন। ডাকাতি বন্ধ করতে কারও উদ্যোগ নেই।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ফিশিং বোটের কোনো মালিক থানায় লিখিত অভিযোগ করেননি। এর পরও উপকূলীয় এলাকার চিহ্নিত জলদস্যুদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।
কোস্টগার্ডের মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি সাগরে বেশ কয়েকটি ফিশিং বোট জলদস্যুদের হামলার শিকার হয়েছে বলে শুনেছি। তাই জলদস্যুদের গ্রেপ্তারের জন্য সাগরে কোস্টগার্ড সদস্যদের টহল জোরদার করা হয়েছে বলে তিনি জানান।