মহেশখালীর তিন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ আট মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবলসংকটের কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার তিন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র আট মাস ধরে বন্ধ রয়েছে। এ কারণে স্থানীয় লোকজন প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।জানা গেছে, গত ২০০৮ সালের ১৮ নভেম্বর দুটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও ছয় মাস পরে তাঁরা অন্যত্র বদলি হয়ে যান। ফলে এই তিন ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ধলঘাটা, বড়মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র থাকলেও তা জনগণের কাজে আসছে না। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তাসহ ছয়জন কর্মকর্তা থাকার কথা। কিন্তু এসব পদ শূন্য থাকায় স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ রয়েছে আট মাস ধরে।গত রোববার সরেজমিন গিয়ে দেখা গেছে, কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি বন্ধ রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের পার্শ্ববর্তী লোকজন জানান, কেন্দ্রটি আট মাস ধরে বন্ধ রয়েছে। কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার স্থানীয় বাসিন্দা আবদুর রহিম ও কলিম উল্লাহ বলেন, আট মাস ধরে স্থানীয় লোকজন স্বাস্থ্যকেন্দ্রে এসে ফিরে যাচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বাস্থ্যকেন্দ্র চালু করার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। একই অবস্থা উপকূলীয় দ্বীপ ধলঘাটার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের। এই কেন্দ্রটি বন্ধ থাকায় এলাকার লোকজন চিকিৎসাসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হলেও তা দেখার কেউ নেই।কুতুবজোম ইউপির চেয়ারম্যান শফিউল আলম জানান, ‘স্বাস্থ্যকেন্দ্র চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকবার বলা হলেও কোনো কাজ হচ্ছে না।’ ধলঘাটা ইউপির চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘ধলঘাটার প্রায় ৪০ হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় এলাকাবাসী হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে। আবার অনেকেই ভুল চিকিৎসার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ওই তিন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা ও উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তাসহ ১৮ জন লোকবল থাকার কথা। কিন্তু তার মধ্যে আছে বড় মহেশখালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে মাত্র একজন। বাকি দুই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো লোকবল নেই। মহেশখালী পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বরত মোহাম্মদ আব্বাস আলী প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্র চালু করার জন্য লোকবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি।’ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে অনেকবার লেখালেখি করেছি। কিন্তু কিছুই হচ্ছে না।’ এ প্রসঙ্গে কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক দীপক তালুকদার বলেন, ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্য শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।’