মহেশখালীর ধলঘাটায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারকে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। সাম্প্র্রতিক ঘূর্ণিঝড় মহাসেনের পর ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে এসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে তারা বেড়িবাঁধের ঢালুতে ঝুপড়ি ঘর তৈরি করে ঝুঁকি নিয়ে বসবাস করছে।
সরেজমিন দেখা যায়, ধলঘাটার সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া, বনজামিরাঘোনা ও বৃহত্তর মহরীঘোনা এলাকার কয়েক শ ঘরবাড়ি জোয়ারের পানির স্রোতে ভেঙে গেছে। গৃহহারা পরিবারের লোকজন বাঁধের ঢালুতে পলিথিন দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে দুর্যোগের ঝুঁকি নিয়ে বসবাস করছে।
সরইতলার বাসিন্দা কোরবান আলী ও নূরুল হক জানান, সম্প্রতি পূর্ণিমার জোয়ারের পানিতে সরইতলা গ্রামের দেড় শ ঘরবাড়ি ভেসে গেছে। হুমকির মুখে আছে সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও আশ্রয়কেন্দ্র। গৃহহারা হয়ে কালারমারছড়া, মাতারবাড়ি ও চকরিয়ার ডুলাহাজারায় অন্তত পাঁচ শ লোক আশ্রয় নিলেও বাকি লোকজন বেড়িবাঁধের পাশে পলিথিন দিয়ে ঝুপড়ির মতো ঘর তৈরি করে বসবাস করছে।
সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করা হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে জানান, ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আর্থিক সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, গৃহনির্মাণের জন্য ২০ পরিবারকে ঢেউটিন দেওয়া হবে।