মহেশখালীর ধলঘাটে ভাঙা জেটির ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ সালে নির্মাণের চার বছর পরই ঝড়ে বিধ্বস্ত হয়েছিল মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের জেটি। তখন এটি মেরামত করে চালু করা হলেও এরপর ১২ বছর ধরে আর কোনো সংস্কার হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জেটিটি। ভাঙা জেটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
জানা গেছে, ধলঘাট ইউনিয়নের সাপমারার ডেইল এলাকায় এই জেটি নির্মাণ করা হয়। জেটিটি প্রতিবছর নিলাম দিয়ে সরকার বছরে কয়েক লাখ টাকার রাজস্ব আদায় করছে। বিভিন্ন সময়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নৌযানের ধাক্কায়ও জেটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভেঙে গেছে দুই পাশের রেলিং। সম্প্রতি সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
ইউনিয়নের সুতরিয়া এলাকার বাসিন্দা নুরুল আবছার বলেন, বিভিন্ন সময় ঝড়ের কবলে পড়ে জেটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে। দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোেনা মাথাব্যথা নেই। ফলে ভাঙা জেটি দিয়ে এই এলাকার অন্তত ৩০ হাজার মানুষকে চলাচল করতে হচ্ছে।
মহুরিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোছাইন বলেন, ভাঙা জেটি দিয়ে ওঠানামা করতে গিয়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। প্রায় সময় যাত্রীরা দুর্ঘটনার শিকারও হচ্ছেন।
এ বিষয়ে সাপমারার ডেইল জেটির ইজারাদার আকতার হোছাইন বলেন, ‘প্রতিবছর সরকারকে প্রায় তিন লাখ টাকা রাজস্ব দিয়ে ঘাট পরিচালনা করছি। কিন্তু ভাঙা জেটি সংস্কারের জন্য বলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে ভাঙা জেটির ওপর দিয়ে যাত্রীদের পাশাপাশি মালামাল ওঠানো–নামানো করতে গিয়ে শ্রমিকদের কষ্টের শেষ নেই।’
স্থানীয় মাতারবাডড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান বলেন, এই জেটি সংস্কার না হওয়ায় দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। জেটির সংস্কারের পাশাপাশি এর সম্প্রসারণের বিষয়ে উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উত্থাপন করা হবে বলে জানান তিনি।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ওই জেটি সংস্কারের পাশাপাশি সম্প্রসারণের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখা হয়েছে।