কক্সবাজারের মহেশখালী উপজেলার দুর্গম পাহাড়ে ২৭টি কারখানায় তৈরি হচ্ছে নানা ধরনের অবৈধ অস্ত্র। এসব অস্ত্র বিক্রি হয় ৫০০ থেকে আড়াই হাজার টাকায়। সাগরের মাছধরার ট্রলারে ডাকাতি, উপকূলের চিংড়িঘের ও লবণমাঠ দখল-বেদখল, লবণ ও চিংড়ি লুট এবং ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এসব অবৈধ অস্ত্র ব্যবহূত হচ্ছে। রোহিঙ্গারাও এসব অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ডাকাতিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সামনে রেখে অস্ত্র তৈরি ও বেচাকেনায় সংশ্লিষ্ট লোকজন আগের চেয়ে বেশি তৎপর হয়ে উঠেছেন। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সর্বশেষ ১৪ অক্টোবর টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দেশে তৈরি তিনটি অবৈধ অস্ত্রসহ নুর আয়েশা (২০) নামে এক রোহিঙ্গাকে আটক করে। আয়েশা ওই শিবিরের বি ব্লকের ১০১২ নম্বর ছাউনির ৫ নম্বর কক্ষের বাসিন্দা মো. শাহীনের স্ত্রী। এ সময় শাহীনসহ ১০-১২ রোহিঙ্গা ডাকাত পালিয়ে যায়। অভিযানে নেতৃত্বদানকারী আনসার দলের প্লাটুন কমান্ডার সামশুল আলম জানান, অবৈধ অস্ত্রগুলো মহেশখালী থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। এসব অস্ত্র এক-দেড় হাজার টাকায় পাওয়া যায়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, দেশে তৈরি এসব অস্ত্র নিয়ে রোহিঙ্গারা এখন ডাকাতিসহ নানা অপকর্ম করছে। সমপ্রতি বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী গ্রামে রোহিঙ্গা ডাকাতের গুলিতে স্থানীয় একজন মারা যান বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, তিন বছর আগে মহেশখালীর দুর্গম পাহাড়ে ১১টির মতো অবৈধ অস্ত্র তৈরির কারখানা ছিল। এর মধ্যে তিনটি কারখানা পুলিশ ও র্যাব উচ্ছেদ করেছিল। কিন্তু কয়েক মাস ধরে পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা বেড়ে যাচ্ছে। বিভিন্ন পাহাড়ে এ পর্যন্ত ২৯টি কারখানার খোঁজ পেয়েছে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর মধ্যে সমপ্রতি পুলিশ দুটি কারখানা উচ্ছেদ করেছে। আটক করেছে অস্ত্র তৈরির দুই কারিগরকে। বাকি ২৭টি কারখানাও উচ্ছেদের চেষ্টা চলছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম ওরফে মিনা বলেন, ৫০০ টাকা দিয়েও মহেশখালীতে এখন কাটাবন্দুক, এলজি পাওয়া যাচ্ছে। এসব অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সাগর, সড়ক ও উপকূলে ডাকাতি ও লুটপাট চালাচ্ছে, চিংড়িঘের ও লবণমাঠ দখল-বেদখল ও চাঁদাবাজিতে ব্যবহার করছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভাড়াটে সন্ত্রাসীরাও এসব অবৈধ অস্ত্র সংগ্রহ করে রাখছে বলে খবর পাওয়া যাচ্ছে। যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র উদ্ধার, কারখানা উচ্ছেদ এবং কারিগরদের আটকের চেষ্টা চলছে। সূত্র জানায়, পুলিশ বা বিশেষ বাহিনীর অভিযান শুরু হলে কারখানাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত স্থানান্তর করা হয়। এ কারণে এগুলোকে বলা হয় ‘ভ্রাম্যমাণ কারখানা’। উপজেলার তালিকাভুক্ত অর্ধশতাধিক সন্ত্রাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের কিছু প্রভাবশালী ব্যক্তি এসব কারখানা নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে। ৫০০ টাকায় অস্ত্র: নাম প্রকাশে অনিচ্ছুক মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক জানান, পুরো মহেশখালী দ্বীপে কম করে হলেও ৩০-৪০ হাজার অবৈধ অস্ত্র রয়েছে। পাহাড়ের কারখানায় তৈরি একটি কাটাবন্দুক ৫০০ টাকা, এলজি ৭০০ টাকা, পিস্তল এক হাজার, এক নল ও দুই নলের লম্বা বন্দুক সর্বোচ্চ আড়াই হাজার টাকায় পাওয়া যায়। কেউ নিজের জমির ফসল রক্ষার জন্য, কেউ অন্যের ফসল লুটের জন্য, আবার কেউ জীবনের নিরাপত্তার জন্য অবৈধ অস্ত্র সংগ্রহ করছেন। পুলিশের একটি সূত্র জানায়, মহেশখালীর পাহাড়ে তৈরি অবৈধ অস্ত্রের উল্লেখযোগ্য একটি অংশ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে চলে যাচ্ছে। মহেশখালী থেকে সমুদ্রপথে এসব অস্ত্র জেলার টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম ওরফে মিনা এর সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের কারণে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব হচ্ছে না। জেলায় সংঘটিত ৯০ শতাংশ অপরাধকর্মে রোহিঙ্গারাই জড়িত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালারমারছড়ার বিভিন্ন পাহাড়ে বর্তমানে অস্ত্র তৈরির তিনটি কারখানা নিয়ন্ত্রণ করে স্থানীয় অফিসপাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদের চার ছেলে আবু তাহের, আবদুল মজিদ, ফরিদুল আলম ও ভুতাইয়া। এঁরা সবাই অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। পাশের পানিরছড়া পাহাড়ে স্থাপিত দুটি কারখানা নিয়ন্ত্রণ করে অস্ত্র তৈরির আরেক কারিগর বড় মহেশখালী ইউনিয়নের সাহাব মিয়া, হোয়ানকের ডাকাত আবু শামা, তাঁর দুই ছেলে মোস্তাক ও মোস্তাফিজুর রহমান। আবু সামা দুটি অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মোস্তাক ও মোস্তাফিজের বিরুদ্ধেও রয়েছে মহেশখালী থানায় নয়টি অস্ত্র মামলা। জানা গেছে, বর্তমানে মহেশখালীর একাধিক সন্ত্রাসী বাহিনীর হাতে ১০টির বেশি একে-৪৭, এম-১৬-এর মতো ভারী এবং দুই হাজারের বেশি অবৈধ অস্ত্র রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, ‘দুর্গম পাহাড়ে গিয়ে অস্ত্র তৈরির কারখানা উচ্ছেদ ও কারিগরদের আটক কত যে কষ্টকর, স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবে না।’ তিনি জানান, সমপ্রতি আটক অস্ত্র তৈরির দুই কারিগর আবু আহমদ ও আবদুস সালামকে পৃথকভাবে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এঁরা পাহাড়ে স্থাপিত অস্ত্রের কারখানা, অস্ত্র তৈরির কারিগর ও অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত অনেকের তথ্য দিয়েছেন। কিন্তু মামলার তদন্তের স্বার্থে জড়িত লোকজনের নামধাম প্রকাশ করা যাচ্ছে না।