মহেশখালীর পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছে ৪০ হাজার মানুষ
কক্সবাজারের মহেশখালী উপজেলার বনভূমির পাহাড়ের ঢালুতে প্রায় ৪০ হাজার মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছেন। বন বিভাগের পক্ষ থেকে এখানকার বাসিন্দাদের সরে যেতে বলার পরও সাড়া মিলছে না। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোট মহেশখালী, শাপলাপুর, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষ বন বিভাগের সংরক্ষিত এলাকার পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছেন। প্রতিবছর বর্ষায় পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটলেও এখানকার বাসিন্দারা অন্যত্র যাচ্ছেন না। সাম্প্রতিক বছরগুলোতে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ আটজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। কালারমারছড়া ইউনিয়নের উত্তর-নলবিলা এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মনছুর আহমদ জানান, পাহাড়ে বসবাসরত লোকজন হতদরিদ্র হওয়ায় অন্য কোথাও যেতে পারছেন না। এ কারণে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কালামারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন স্থানীয় লোকজন। এলাকার লোকজন জানান, কয়েক দিন ধরে বন বিভাগের পক্ষ থেকে অন্যত্র সরে যেতে বলা হলেও বসবাসকারীরা তা মানছেন না। উপজেলার কালারমারছড়ার পাহাড়ে বসবাসকারী নুর হোসেন (৪৫), কামাল হোসেন (৫৪) ও নুরুল আলম (৫০) বলেন, ‘পাহাড় থেকে সরে গিয়ে কোথায় আশ্রয় নেব! জায়গা কিনে ঘরবাড়ি করার সামর্থ্য আমাদের নেই।’বন বিভাগের শাপলাপুর বিট কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ‘বন বিভাগের ১৮ হাজার ২৮৬ একর জায়গার মধ্যে প্রায় ১০ হাজার একর পাহাড়ি জায়গা বেদখল হয়ে গেছে। এসব পাহাড়ে ছোট-বড় মিলিয়ে অন্তত ১৮ হাজার পরিবারের প্রায় ৪০ হাজার মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছেন।’ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ের ঢালে যাঁরা ঝুঁকি নিয়ে বসবাস করছেন, তাঁদের সরে যাওয়ার জন্য বলা হলেও সাড়া দিচ্ছেন না। এ কারণে যেকোনো মুহূর্তে ভারি বর্ষণ হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’