মহেশখালীর পাহাড়ে ১০ হাজার মানুষের ঝুঁকিপূর্ণ বাস
মহেশখালীতে পাহাড়ের ঢালুতে প্রায় ১০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বাস করছেন। বিভিন্ন সময়ে লোকজন পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন করলেও এ ব্যাপারে কর্তৃপক্ষের মাথাব্যথা নেই। ভূমিকম্প বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গেছে, ১৯৭০ সাল থেকে পাহাড়ে অবৈধ দখল শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পেতে নিরাপদ স্থান হিসেবে উপকূলীয় মাতারবাড়ি, ধলঘাট ও কুতুবদিয়ার লোকজনও এ পাহাড়ে বসতি স্থাপন করেছেন। সরেজমিনে দেখা গেছে, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় পাহাড়ের ঢালুতে বসতি স্থাপন করে বসবাস করছেন লোকজন। কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার পূর্বপাশে সরকারি পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপন করার চেষ্টা করছেন অনেকেই। এঁরা হতদরিদ্র। নিজে জায়গা কিনে ঘর তৈরির মতো সামর্থ্য ওঁদের নেই। এ কারণে জীবনের ঝুঁকি নিয়েও পাহাড়ে বসবাস করছেন বলে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ আহমদ প্রথম আলোকে জানিয়েছেন। কালারমারছড়া ইউনিয়নের মহিলা সদস্য হালিমা বেগম বলেন, ‘উত্তর নলবিলা এলাকার পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। আমি নিজে তাঁদের বহুবার বাধা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়েছি।’ কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরী বলেন, ‘পাহাড় কাটা বন্ধ করতে বেশ কয়েকবার বলেছি। একবার বলার পর কিছু দিন বন্ধ থাকলেও আবার শুরু হয়।’ পাহাড় কাটার কথা স্বীকার করে কালারমারছড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাহেদ হোসাইন বলেন, ‘উত্তর নলবিলার পূর্বপাশে স্থানীয় প্রভাবশালীরা প্রতিদিন পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করছেন।’ তিনি জানান, পাহাড় নিধনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।উপকূলীয় বন বিভাগের কালামারছড়া বিট কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, জীবনের ঝুঁকি নিয়ে এ এলাকায় লোকজন বন বিভাগের জায়গার ওপরে অবৈধভাবে বসবাস করছেন। তাঁদের অন্য কোথাও গিয়ে বসবাস করার জন্য বলা হলেও কাজ হচ্ছে না। কালারমারছড়া পাহাড়ে বসবাসকারী আব্দুল মোনাফ (৪৫), আনোয়ার হোসেন (৫৪) ও হালিমা বেগম (৫০) জানান, ‘এলাকায় কোনো আত্মীয়-স্বজন নেই, যাব কোথায়?’ একই কথা বললেন হোয়ানকের আব্দুল করিম, নাছির ও কামাল।মহেশখালী বন বিভাগ সূত্র জানায়, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় বন বিভাগের ১৮ হাজার ২৮৬ একর বনভূমি রয়েছে। এর মধ্যে সাড়ে পাঁচ হাজার একরের জায়গা বেদখলে। অবৈধ দখল হওয়া জায়গার ওপর প্রায় ছয় হাজার পরিবারের ১০ হাজার লোকজন ঘরবাড়ি তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন। উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোস্তফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় ১০ হাজার লোকজন পাহাড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বাস করছেন। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ৩৪০ পরিবারের তালিকা করা হয়েছে। শাপলাপুর ও ছোট মহেশখালী এলাকায় পাহাড়ে বসবাসরত লোকজনের তালিকা তৈরির কাজ চলছে। তিনি বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, পাহাড় ধ্বংস করা অপরাধ। এ কারণে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ বসবাসরত লোকজনকে অন্যত্র সরিয়ে যেতে মাইকে প্রচার করা হলেও কোনো কাজ হচ্ছে না।