মহেশখালীর পাহাড়ের ঢালে ঝুঁকিতে ১০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে পাহাড়ের ঢালুতে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন প্রায় ১০ হাজার মানুষ। ফি বছর বর্ষা মৌসুমে স্থানীয়রা পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন করলেও পাহাড় রক্ষার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। ফলে যেকোনো মুহূর্তে পাহাড়ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।জানা গেছে, ১৯৭০ সালের পর বিভিন্ন এলাকা থেকে গরিব লোকজন এসে পাহাড়ে অবৈধভাবে জায়গা দখল করে বাড়ি তৈরি করছেন। এ ছাড়া ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পেতে নিরাপদ স্থান হিসেবে পাহাড়ে বসতি স্থাপন করেন মাতারবাড়ি, ধলঘাট ও কুতুবদিয়ার লোকজন। কিন্তু তাঁদের উচ্ছেদে স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যায়নি। সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালামারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় পাহাড়ের ঢালুতে বসতি স্থাপন করেছেন অনেকে। বর্তমানে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার পূর্বপাশে সরকারি পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনের চেষ্টা চলছে। ‘অবৈধ দখলদারেরা হতদরিদ্র হওয়ায় জায়গা কিনে ঘর তৈরি করার মতো সামর্থ্য তাঁদের নেই। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন সংশ্লিষ্টরা’ জানালেন—কালারমারছড়া ইউনিয়ন পরিষদ সদস্য রশিদ আহমদ।কালারমারছড়া ইউনিয়নের মহিলা সদস্য হালিমা বেগম জানান, উত্তর নলবিলা এলাকার পাহাড় কাটায় বাধা দিলেও সংশ্লিষ্টরা মানছেন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরী বলেন, পাহাড় কাটা বন্ধ রাখার জন্য বেশ কয়েকবার বলা হলেও সাময়িক বিরতির পর আবার পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনের চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাহেদ হোসাইন বলেন, উত্তর নলবিলার পূর্বপাশে স্থানীয় প্রভাবশালী আবু তাহের, নাজু চৌকিদার, আহমদুর রহমান নুরুল আবছারের নেতৃত্বে প্রতিদিন পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনের জায়গা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, পাহাড় নিধনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মহেশখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।উপকূলীয় বন বিভাগের কালামারছড়া বিট কর্মকর্তা হারুন রশিদ জানান, ঝুঁকি নিয়ে এ এলাকায় লোকজন বন বিভাগের জায়গার ওপর অবৈধভাবে বসবাস করছেন। বারবার বলা হলেও তারা ঘর ছেড়ে যাচ্ছেন না।কালারমারছড়া পাহাড়ে বসবাসকারী আব্দুল মোনাফ (৪৫) জানান, ‘এলাকায় কোনো আত্মীয়স্বজন নেই, যাব কোথায়!’ একই কথা বলেন হোয়ানকের পাহাড়ি এলাকায় বসবাসরত আব্দুল করিম, নাছির উদ্দিন ও কামাল উদ্দিন।মহেশখালী বন বিভাগ সূত্রে জানা যায়, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় বন বিভাগের ১৮ হাজার ২৮৬ একর বনভূমি রয়েছে। এর মধ্যে বেদখল হয়েছে সাড়ে পাঁচ হাজার একর জায়গা। এসব জায়গায় প্রায় ছয় হাজার পরিবারের প্রায় ১০ হাজার লোকজন ঘরবাড়ি তৈরি করে ঝুঁকি নিয়ে বাস করছেন। উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোস্তফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় ১০ হাজার লোকজন পাহাড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বাস করছেন। তবে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ৩৪০ পরিবারের তালিকা করা হয়েছে। শাপলাপুর ও ছোট মহেশখালী এলাকায় বসবাসরতদের তালিকার কাজ চলছে। তিনি বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ জানান, পাহাড় ধ্বংসকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘পাহাড়ের ঢালুতে বসবাসরত লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলা হয়েছে।’