কক্সবাজারের মহেশখালী উপজেলার সংরক্ষিত বনের ভেতরে অবৈধভাবে গড়ে উঠেছে ১০ হাজার অবৈধ পানের বরজ। বনের গাছ ও পাহাড় কেটে এসব পানের বরজ স্থাপন করা হয়েছে বলে অভিযোগ আছে। বন বিভাগ বলছে লোকবলের অভাবে এসব পানের বরজ উচ্ছেদ করা যায়নি। তবে বিকল্প হিসেবে বনের জমিতে গড়ে ওঠা পানের বরজের মালিক ও শ্রমিকদের সামাজিক বনায়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে বন রক্ষার কথাও ভাবছে বন বিভাগ।
২০১৬ সালের জুন মাসে উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ের একটি জরিপে দেখা যায়, মহেশখালীতে সংরক্ষিত বনাঞ্চলের ১ হাজার ৫০০ হেক্টর পাহাড়ি জমিতে পানের চাষ হচ্ছে। প্রতি হেক্টরে গড়ে ছয় থেকে সাতটি পানের বরজ রয়েছে। সে হিসাবে ১ হাজার ৫০০ হেক্টরে পানের বরজের সংখ্যা প্রায় ১০ হাজার। পানচাষি আছেন প্রায় ১২ হাজার।
উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘আমাদের ব্লক সুপারভাইজারদের পরিচালিত জরিপ অনুযায়ী, গোটা উপজেলায় পানের বরজ আছে ১৩ হাজারের মতো। এর মধ্যে প্রায় ১০ হাজার পানের বরজের অবস্থান সংরক্ষিত বনাঞ্চলে।’
উপকূলীয় বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা আবুল হাশেম ভূঁইয়া বলেন, মহেশখালীর বনাঞ্চলের প্রায় ১৮ হাজার একর বনভূমির মধ্যে প্রায় ১০ হাজার একর বেদখল হয়ে পড়েছে। এসব জমিতে ঘরবাড়ি ও পানের বরজ গড়ে তোলা হয়েছে। পানের বরজের সংখ্যা প্রায় ১০ হাজারের মতো হবে। লোকবল সংকটের কারণে পানের বরজ উচ্ছেদ করে বন বিভাগের জমি পুনরুদ্ধার করা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা বলেন, ১৯৭৫ সালের পর থেকে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংরক্ষিত বনের পাহাড়ের ঢালে অবৈধভাবে পানের বরজ স্থাপন করেন স্থানীয় লোকজন। আর এসব পানের বরজ স্থাপন করতে গিয়ে কাটতে হয়েছে সংরক্ষিত বনের গাছ ও পাহাড়। প্রতিনিয়ত পাহাড় কেটে সংরক্ষিত বনের ভেতরে গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতো পানের বরজ।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, উপজেলার শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে সংরক্ষিত বনের ভেতর বহু পানের বরজ।
শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম ও কবির আহমদ বলেন, কয়েক যুগ ধরে পান চাষ করার জন্য স্থানীয় লোকজন সংরক্ষিত বনের পাহাড়ে পানের বরজ স্থাপন করছে। ফলে বনের পাহাড় ও গাছপালা ধ্বংস হচ্ছে।
উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হুজমায়ূন কবির বলেন, আগামী জুলাই মাসে বনভূমির অবৈধ দখলদারদের সামাজিক বনায়নের আওতায় আনা হবে। এদের জায়গা বরাদ্দ দিয়ে সেখানে বনায়ন করা হবে। পাশাপাশি সীমিতভাবে পানের মতো কৃষি পণ্যের চাষের অনুমতিও দেওয়া হবে। এ থেকে পাওয়া লভ্যাংশ বন বিভাগও পাবে।