মহেশখালীর শাপলাপুর ইউপি নির্বাচন ২৮ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ২৮ জুন অনুষ্ঠিত হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো তফসিল ঘোষণা হয়েছে। এর আগে দুবার তফসিল ঘোষণা হলেও আইনি জটিলতায় নির্বাচন হয়নি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেয়ারম্যান পদে ১১, সদস্য পদে ৩১ ও সংরক্ষিত মহিলা সদস্যপদে ২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৯ মে শাপলাপুর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৪ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুন। প্রতীক বরাদ্দ ১৩ জুন।

এর আগে ২০০৩ সালের মার্চ মাসে এই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরপর ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি ও ২১ জুন দুই দফায় তফসিল ঘোষণা করেও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা কারণে নির্বাচন হয়নি। এ সময় সীমানা বিরোধ ও ভোটার তালিকা নিয়ে জটিলতা সৃষ্টি হলে তা উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। পরে গত ১৫ মে আদালত মামলা খারিজ করে দেয়।

সহকারী রির্টানিং কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যানসহ তিনটি পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আব্দুল খালেক চৌধুরী (বর্তমান চেয়াম্যান), নাজেম উদ্দিন, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ আমিনুল হক, নুরুল আবছার, রফিকুল ইসলাম, এ কে এম ইলিয়াছ, নুর মোহাম্মদ, মনির আহমদ, সিরাজুল ইসলাম ও ওচমান সরওয়ার।

রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শাপলাপুর ইউপি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।