মহেশখালীর সংরক্ষিত বনের পাশে ২৪টি অবৈধ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের নিয়ম না থাকলেও মহেশখালীতে এই নিয়ম মানা হচ্ছে না। উপজেলার ২৯টি করাতকলের মধ্যে ২৪টিরই অবস্থান বনের পাঁচ শ মিটার থেকে দুই কিলোমিটারের মধ্যে। অবৈধ এসব করাতকলের লাইসেন্স নেই। এসব করাতকলে বনের গাছ চেরাই করে স্থানীয় প্রভাবশালী লোকজন বাইরে পাচার করছে বলে অভিযোগ রয়েছে।

বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসভা, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর, কুতুবজোম ও মাতারবাড়ীতে সব মিলিয়ে করাতকল রয়েছে ২৯টি। তার মধ্যে লাইসেন্স আছে কেবল পাঁচটির। বাকি ২৪টি করাতকলে কোনো লাইসেন্স নেই।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মহেশখালীর প্রায় ১৮ হাজার একর সংরক্ষিত বনের মধ্যে বেশির ভাগই অবৈধ দখলে চলে গেছে। বন বিভাগের নিয়ন্ত্রণে আছে এমন আট হাজার একর সংরক্ষিত বনেরও রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না লোকবলের অভাবে। ফলে বনের গাছ চুরি ঠেকানো যাচ্ছে না। বন থেকে কেটে আনা এসব গাছ বনের পাশে অবস্থিত অবৈধ করাতকলে এনে চেরাই করে পাচার করা হয়। পাচার ঠেকাতে গত দুই বছর আগে বন বিভাগ অভিযান চালিয়ে ১০টি অবৈধ করাত কল উচ্ছেদ করেছিল। কিন্তু উচ্ছেদের পরপর আবারও করাতকলগুলো আগের জায়গায় স্থাপন করা হয় বলে অভিযোগ আছে।

সম্প্রতি বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর এলাকায় গিয়ে ১৮টি করাতকল পাওয়া গেছে, যেগুলোর অবস্থান সংরক্ষিত বনের আধা থেকে এক কিলোমিটারের মধ্যে। কালামার ছড়া বাজারের উত্তর পাশেই জালাল আহমদ স মিলের অবস্থান। এই করাতকলের চার শ মিটার দূরেই সংরক্ষিত বন। করাত কলটিতে গিয়ে দেখা গেছে গর্জন, আকাশমণি, গামারিসহ বিভিন্ন প্রজাতির গাছ স্তূপ করে রাখা হয়েছে। কয়েকজন শ্রমিক যন্ত্রচালিত করাতে গাছ চেরাই করছিলেন। কর্মরত শ্রমিক আলি আহমদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্থানীয় লোকজন এসব গাছ চেরাই করতে এখানে নিয়ে এসেছেন। তাঁরা কেবল টাকার বিনিময়ে গাছগুলো চেরাই করছেন। এর বেশি কিছু তাঁরা জানেন না।

এদিকে অবৈধ গাছ পাচার রোধে চেকপোস্ট বসিয়ে কাঠ বহনকারী গাড়ি তল্লাশির কোনো ব্যবস্থা নেই বন বিভাগের। এ ব্যাপারে জানতে চাইলে, মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম ভূঁইয়া বলেন, কাঠবাহী গাড়ি তল্লাশির জন্য উপজেলায় বন বিভাগের কোনো চেকপোস্ট নেই। একটি চেকপোস্ট বসানোর বিষয়ে বিভাগীয় কার্যালয়ে আবেদন করা হবে। বিভাগীয় বন কর্মকর্তার অনুমোদ পেলে তল্লাশি কার্যক্রম পরিচালিত হবে।

 রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম ভূঁইয়া আরও বলেন, ২৪টি অবৈধ করাতকল উচ্ছেদ করার জন্যও তাঁরা উদ্যোগ নিচ্ছেন। এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তার বরাবরে আবেদনও করা হয়েছে। শিগগিরই অবৈধ করাতকলগুলো উচ্ছেদ করার জন্য অভিযান চালানো হবে।

বন বিভাগের কক্সবাজারের উপকূলীয় সহকারী বন সংরক্ষক জি এম কবির বলেন, দুই বছর আগে কয়েক দফা অভিযান চালিয়ে ১০টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই স্থানে প্রভাবশালী ব্যক্তিরা আবারও করাতকল স্থাপন করে। অচিরেই এসব করাতকল স্থায়ীভাবে বন্ধ করার জন্য অভিযান পরিচালনা করা হবে।