মহেশখালীর হাটবাজারে টোল আদায়ের নামে চাঁদাবাজি!
সরকার–নির্ধারিত টোলের তালিকা ঝুলিয়েও ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার আট ইউনিয়নের ১৮ হাটবাজারের ইজারাদারেরা। অথচ নির্ধারিত হারে টোল নেওয়ার বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট হাটবাজারের ইজারাদারদের নিয়ে কয়েকবার বৈঠকও করেছে। তবে এরপরও বন্ধ হয়নি অতিরিক্ত টোল আদায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে ২২টি হাটবাজার রয়েছে। আর এসব হাটবাজার প্রতিবছর পয়লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত এক বছরের জন্য নিলাম দেওয়া হয়। নিলামের সঙ্গে সরকারিভাবে হাটবাজারে পণ্যের নির্ধারিত টোল আদায়ের তালিকা প্রকাশ করা হয়। সবজি, মাছ-মাংস, ফলমূল, পোশাক, জ্বালানি কাঠ, মসলা, পানসহ বাজারে বিক্রি হয় এমন সব পণ্য টোলের আওতায় পড়ে। ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে বিক্রি হওয়া এসব পণ্যের ওপর টোল আদায় করেন ইজারাদারেরা। তবে নিয়মনীতি না মেনে ইজারাদারদের ইচ্ছেমতো টোল আদায়ের প্রতিবাদ করে আসছিলেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে প্রশাসনের চাপের মুখে গত বছরের সেপ্টেম্বর মাসে টোলের মূল্যতালিকা–সংবলিত সাইনবোর্ড হাটবাজারে টাঙানো হয়। কিন্তু মূল্যতালিকা টাঙানো হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের।
সরেজমিন দেখা গেছে, কালারমারছড়া, কুতুবজোম, হোয়ানক, শাপলাপুর, ছোট মহেশখালী, মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের ১৮ হাটবাজারে অতিরিক্ত টোল আদায় হচ্ছে। বাজারভেদে টোলের পরিমাণও কমবেশি দেখা গেছে। শাপলাপুর বাজারে গিয়ে দেখা গেছে, তালিকা অনুযায়ী ১০০ বিড়া পানের জন্য ১২ থেকে ১৬ টাকা টোল নির্ধারিত হলেও ইজারাদারের লোকজন বিক্রেতাদের কাছ থেকে ৫০ থেকে ৭০ টাকা করে আদায় করছেন। আর পেঁয়াজ, রসুন, হলুদ, আলু ও মরিচে প্রতি কুইন্টালে ১৬ টাকার স্থলে আদায় করা হচ্ছে ৩০ টাকা। সবজি প্রতি কুইন্টালে ৮ টাকার স্থলে ২০ টাকা করে আদায় করা হচ্ছে।
গত ৩১ মে উপজেলার মাসিক সমন্বয় সভায় অতিরিক্ত টোল আদায় নিয়ে ইউপির চেয়ারম্যানরা ক্ষোভ প্রকাশ করেন। সভায় রমজানের আগে জনপ্রতিনিধিরা অতিরিক্ত টোল আদায় বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এরপর একই দিন অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ এনে হোয়ানক টাইম বাজারের ইজারাদার মোহাম্মদ সরওয়ার কামালের বিরুদ্ধে স্থানীয় পান ব্যবসায়ী সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। পরে ইউএনও ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেন। ৭ জুন বিকেলে টাইম বাজারে সরেজমিন তদন্ত করতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন বহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সত্যতা পান।
এ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন প্রথম আলোকে বলেন, গরুর মাংসের দোকানপ্রতি ৭২ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৮০০ টাকা। আর প্রতি কুইন্টাল পেঁয়াজে ১৬ টাকার স্থলে আদায় হচ্ছে ১০০ টাকার ওপরে। ফলে টোল আদায়ের নামে ইজাদারের লোকজন বাজারের ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। তাই ওই ইজাদার মোহাম্মদ সরওয়ার কামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে টাইম বাজারের ইজারাদার মোহাম্মদ সরওয়ার কামাল বলেন, ‘সরকার–নির্ধারিত মূল্যেই টোল আদায় করা হচ্ছে। কিন্তু এলাকার কয়েকজন লোক অহেতুক আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ করছেন।’
শাপলাপুর ইউনিয়নের ছাদেকারকাটার পানচাষি আবদুুল মোনাফ ও রমিজ আলম বলেন, হাটবাজারে টাঙানো মূল্যতালিকা অনুযায়ী ১০০ বিড়া পানের টোল ১২ থেকে ১৬ টাকা। কিন্তু ইজারাদারের লোকজন থেকে ৫০ থেকে ৭০ টাকা আদায় করছেন। এতে প্রতিবাদ করলে ইজারাদারের লোকজন উল্টো ধমক দেন। শাপলাপুর ইউপির চেয়ারম্যান নুরুল হক বলেন, বিষয়টি ইতিমধ্যে উপজেলার মাসিক সমন্বয় সভায় তোলা হয়েছে। অচিরেই সংশ্লিষ্ট ইজাদারকে নোটিশ দেওয়া হবে বলে তিনি জানান। তবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি করে শাপলাপুর হাট-বাজারের ইজারাদার ছৈয়দ আহমদ জানান, নির্ধারিত মূল্যেই টোল আদায় করা হচ্ছে। অতিরিক্ত টোল আদায় করার প্রশ্নই ওঠে না।
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ইতিমধ্যে হোয়ানক ইউনিয়নের টাইম বাজার নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ছাড়া হাটবাজারে নির্ধারিত মূল্যে টোল আদায়ের বিষয়ে দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট ইজারাদারদের নিয়ে বৈঠক করা হয়েছে। এরপরও কেউ না মানলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’