মহেশখালীর ১৩ আসামিকে খুঁজে পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৩ জন আসামিকে খুঁজে পাচ্ছে না না পুলিশ।
পুলিশের দাবি, পলাতক এই আসামিদের ধরতে অভিযান চলছে। আসামিরা আত্মগোপন করে আছেন কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে। কয়েকজন বিদেশ পালানোর চেষ্টা করছে।
মহেশখালী থানা সূত্র জানায়, ১৯৭১ সালে মুক্তিযুক্ত চলাকালে মহেশখালীতে ৯৪ জনকে হত্যা, একাধিক নারী ধর্ষণ ও নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগে তৎকালীন মুসলিম লীগ ও নেজামে ইসলামি পার্টির ২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২০১৪ সালের জানুয়ারিতে মানবতাবিরোধী আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলার আসামিরা হলেন সালামত উল্লাহ খান (৭৭), মৌলভি জাকারিয়া সিকদার (৭৮), মৌলভি শামসোদ্দোহা (৮২), মো. রশিদ মিয়া (৮৩), অলি আহমদ (৫৮), মো. জালাল উদ্দিন (৬৩), মৌলভি আমজাদ আলী (৭০), মৌলভি নুরুল ইসলাম (৬১), সাইফুল ইসলাম সাবুল (৬৩), মমতাজ আহমদ (৬০), হাবিবুর রহমান (৭০), মৌলভি আবদুল মজিদ (৮৫), বাদশা মিয়া (৭৩), ওসমান গণি (৬১), আবদুল শুক্কুর (৬৫), মৌলভি রমিজ হাসান (৭০), মো. জাকারিয়া (৫৮), মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী (৫৮), মৌলভি জালাল (৭৫) ও আবদুল আজিজের (৬৫)।
মামলার তদন্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম ২০১৪ সালের ১২ মে থেকে ৮ অক্টোবর পর্যন্ত সরেজমিন মহেশখালী পরিদর্শন করে অপরাধের তদন্ত শেষ করেন। এ সময় তিনি ১২৬ জনের জবানবন্দি গ্রহণ করেন। এরপর গত ৮ অক্টোবর ২০ আসামির বিরুদ্ধে ১১১ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে ১৩৭ পৃষ্ঠার দালিলিক প্রমাণপত্রসহ অন্য নথিপত্র সংযুক্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মহেশখালীতে ৯৪ জনকে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন, ধর্মান্তর ও দেশান্তর করার মতো ১৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে ধরা হয়।
এর সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল ইসলাম জানান, মানবতাবিরোধী ওই মামলার ২০ জন আসামির মধ্যে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন মৌলভি শামসোদ্দোহা। বাকি ছয়জনের মধ্যে পাঁচজন সালামত উল্লাহ খান, রশিদ মিয়া, মৌলভি নুরুল ইসলাম, ওসমান গণি ও মো. জিন্নাহ কারাগারে বন্দী। বাদশা মিয়া নামের অপরজন বিশেষ শর্তে জামিনে রয়েছেন। মামলার বাকি ১৩ আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। কিন্তু আত্মগোপন করায় তাঁদের ধরা যাচ্ছে না।
পুলিশের কর্মকর্তারা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে নিহত মৌলভি শামসোদ্দোহার নাম বাদ দেওয়া হয়েছে। মামলার বর্তমান ১৯ আসামির বিরুদ্ধে ২০১৬ সালের ১৩ জানুয়ারি অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালীর সাবেক কমান্ডার ছালেহ আহমদ বলেন, একাত্তরে মহেশখালীর সংখ্যালঘুদের গুলি করে হত্যা ও নারী ধর্ষণের অনেক হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। কেউ কেউ বিদেশে পালানোর চেষ্টা করছে। মহেশখালীর মানুষ এসব রাজাকারের বিচার দেখতে চায়।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক বলেন, একাত্তরে হানাদার বাহিনী মহেশখালীর আদিনাথ মন্দিরের উত্তর পাশের পাহাড়ে অনেক মুক্তিকামী মানুষকে ধরে এনে হত্যা করেছিল। গত বছর মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তে এসে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে ১০টি বধ্যভূমির সন্ধান পান। এসব বধ্যভূমিতে ৯৪ জনকে হত্যা করা হয়েছিল।