মহেশখালীর ২০ গ্রামে জোয়ার-ভাটা
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা ও শাপলাপুর ইউনিয়নের ২০টি গ্রামে প্রতিনিয়ত জোয়ার-ভাটা হচ্ছে। প্রায় ২৫ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় সমুদ্রের জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে।সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ি এলাকার প্রায় তিন কিলোমিটারের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে রাজঘাট, মগডেইল, ফলজানমোরা এলাকাসহ সাতটি গ্রামে জোয়ার-ভাটা চলছে। আর ধলঘাট বেড়িবাঁধের চিত্র আরও ভয়াবহ। এ ইউনিয়নের সাপমারার ডেইল, পণ্ডিত ডেইল, বেগুনবনিয়া, সুতরিয়া বাজারের দক্ষিণ এবং পূর্ব দিকে প্রায় ১২ কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সাত গ্রামে চলছে জোয়ার-ভাটা। এ ছাড়া শাপলাপুর ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধের কারণে উত্তর দিঘিঘোনা, শাপলাপুর বাজারের পূর্ব পাশ, দিনেশপুর কুতুবদিয়াপাড়া, বারিয়ারপাড়ার পূর্ব পাশ এবং জেমঘাট এলাকায় প্রতিনিয়ত জোয়ার-ভাটা হচ্ছে।ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম জানান, চলতি বর্ষায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দ্রুত পুনর্নির্মাণ না করলে এ এলাকায় কেউ বসবাস করা তো দূরের কথা, পুরো ইউনিয়ন সাগরে বিলীন হয়ে যাবে। আর প্রতিদিন জোয়ার-ভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চিংড়িচাষি ও স্থানীয় লোকজন।মাতারবাড়ি রাজঘাট এলাকার ইউপি সদস্য আবুল কাসেম বলেন, ‘অরক্ষিত বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় প্রতিবছর বর্ষা এলে এ এলাকার জনগণ সাগরের জোয়ার-ভাটার কবলে পড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও দেখার কেউ নেই।’ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ের আঘাতে মাতারবাড়ি-ধলঘাটার ৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ১৫ কিলোমিটারের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে এলাকায় এখন জোয়ার-ভাটা চলছে।মাতারবাড়ি ইউপির চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জানান, ১৯৯১ ও ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ের আঘাতের পর শুধু ২০০২ সালে এক কিলোমিটার অরক্ষিত বাঁধ সংস্কার হলেও তা আবার সাগরে বিলীন হয়ে যায়। ইতিমধ্যে দুই শতাধিক ঘরবাড়ি সাগরে চলে গেছে।এ বাঁধগুলো সংস্কারের ব্যাপারে অনেক লেখালেখি করেও কোনো কাজ হয়নি।স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘দ্বীপ রক্ষার জন্য একসময় ধলঘাটা ও মাতারবাড়ির চারপাশে প্যারাবন সৃজন করা হলেও স্থানীয় ভূমিদস্যুরা নির্বিচারে তা কেটে চিংড়িঘের নির্মাণ করে। এ কারণে বিভিন্ন ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের আঘাতে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে জোয়ার-ভাটায় ধলঘাটা ও মাতারবাড়ি এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে।’মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় উপকূলীয় এলাকা মাতারবাড়ি, ধলঘাটা ও শাপলাপুর ইউনিয়নে নিচু এলাকায় বসবাসরত লক্ষাধিক মানুষ হুমকির মুখে রয়েছে। উপকূলীয় এলাকার জনগণকে রক্ষা করতে হলে বেড়িবাঁধ সংস্কার করা জরুরি। তাই বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।’তিন ইউনিয়নে জোয়ার-ভাটার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজি নজরুল ইসলাম বলেন, ‘উপকূলীয় দ্বীপ মাতারবাড়ি, ধলঘাটা ও শাপলাপুরের অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ না আসা পর্যন্ত বিধ্বস্ত বাঁধ সংস্কার করা সম্ভব হচ্ছে না।’