মহেশখালীর ২২ হাটবাজার বেহাল, সংস্কার নেই দীর্ঘদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে ময়লা-আবর্জনার দুর্গন্ধ। স্থানে স্থানে জমে আছে কাদা-পানি। আর বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়ে। সামান্য বৃষ্টিতেও ডিঙাতে হয় হাঁটুপানি। এর মধ্যেই ক্রেতাদের সারতে হয় কেনাকাটা। এটি মহেশখালীর কালারমারছড়া বাজার। এ বাজারের মতোই একই অবস্থা আট ইউনিয়নের ২২টি হাটবাজারের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এ দশা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, হাটবাজার নিলাম দিয়ে উপজেলা প্রশাসন প্রতিবছর প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব আদায় করে। কিন্তু সংস্কার ও রক্ষণাবেক্ষণে তাদের কোনো মাথাব্যথা নেই। প্রতিটি হাটবাজারেই পানিনিষ্কাশন-ব্যবস্থা নাজুক। নালা প্রশস্ত না হওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। অথচ প্রতিবছর এসব হাটবাজার নিলাম দিয়ে উপজেলা প্রশাসন রাজস্ব আদায় করে থাকে। আর এসব রাজস্বের টাকা থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হাটবাজার রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করার কথা। কিন্তু হাটবাজারের উন্নয়নের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ কোনো ভূমিকা নিচ্ছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ। গত বৃহস্পতিবার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পানিনিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন না থাকায় কয়েক ঘণ্টার বৃষ্টিতে মাতারবাড়ি পুরান বাজার, মগডেইল বাজার, নতুন বাজার, কেরুনতলী বাজার, কুতুবজোম বটতলা বাজার, নোনাছড়ি বাজার ও কালারমারছড়া বাজারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও ভোগান্তির শিকার হচ্ছেন। এ ছাড়া বাজারের অভ্যন্তরীণ সড়ক সংস্কার না হওয়ায় কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।মগডেইলের স্থানীয় বাসিন্দা মকবুল আহমদ, জয়নাল আবেদীন ও হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মগডেইল বাজারের অভ্যন্তরীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মগডেইল বাজারের ইজারাদার আবুল হোছাইন জানান, হাটবাজার সংস্কার না হওয়ায় ক্রেতা-বিক্রেতার সংখ্যা আগের চেয়ে এখন দিন দিন কমে যাচ্ছে। এতে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হবে।কালারমারছড়া বাজারের তরকারি ব্যবসায়ী আবুল কালাম, আনোয়ার হোসেন ও মোহাম্মদ সেলিম জানান, বাজারে পর্যাপ্ত নালা না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। প্রায় সময় হাঁটুপানি জমে কাঁচা তরিতরকারি নষ্ট হয়ে যায়। এ প্রসঙ্গে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরে সংস্কার না হওয়ায় হাটবাজারগুলোর আজ বেহাল দশা। বিশেষ করে, বর্ষার মৌসুমে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। তিনি বলেন, হাটবাজার উন্নয়নের জন্য অচিরেই বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে।একই কথা বললেন কালারমারছড়া ইউপির চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী। তিনি বলেন, আগামী শুষ্ক মৌসুমে হাটবাজারের উন্নয়নে অভ্যন্তরীণ সড়ক সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত ড্রেন নির্মাণ করা হবে।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘হাটবাজার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব স্থানীয় ইউনিয়ন পরিষদের। তাই হাটবাজার উন্নয়নের জন্য পর্যাপ্ত ড্রেন, ছাউনি, স্যানিটেশন, নলকূপ ও হাটবাজারের অভ্যন্তরীণ চলাচলের রাস্তা সংস্কারের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।’