মহেশখালীর ৩০ প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর সরকারি-বেসরকারি ৬৩ প্রাথমিক বিদ্যালয়ের ৩০টিতেই নলকূপ নেই। বর্ষায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে সাগরের লোনাপানি ঢুকে পড়ে, তখন বিশুদ্ধ পানি নিয়ে সমস্যায় পড়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা। শুষ্ক মৌসুমে বাধ্য হয়ে কয়েক কিলোমিটার দূর থেকে পানি এনে পান করতে হয়। সরেজমিনে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ না থাকায় বিশুদ্ধ পানির সমস্যা হচ্ছে। পাশাপাশি শৌচাগারের অবস্থাও নাজুক। নলকূপ স্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করা হলেও কাজ হয়নি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘পানি-সংকট দূর করতে এলাকায় আরও ২০০ গভীর ও ৩০০ অগভীর নলকূপ স্থাপন করা দরকার। বরাদ্দ না পাওয়ায় বিদ্যালয়ে নলকূপ স্থাপন করা যাচ্ছে না।’সরেজমিনে দেখা যায়, উপদ্বীপ ধলঘাট ইউনিয়নের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটিতেই নলকূপ নেই। সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ২৩০ জন, কিন্তু নলকূপ নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রায় দুই কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হয় শিক্ষার্থীদের, এতে তাদের ভোগান্তি হয়। নলকূপ বসানোর ব্যাপারে প্রতি মাসে আবেদন করা হলেও কাজ হচ্ছে না।’ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেন, কলিম উল্লাহ ও রুহুল আমিন জানায়, ‘অনেক সময় পিপাসা পেলেও পানি না খেয়ে থাকতে হয়।’ধলঘাটার শরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘পুকুরের পানি পান করা ছাড়া আর কী করার আছে? এ গ্রামে নলকূপ আছে কি না, তা-ও তো জানি না। অনেক সময় তিন কিলোমিটার দূর থেকে পানি এনে খাই আমরা।’ শরাইতলার বাসিন্দা আনোয়ার হোসেন ও কফিল উদ্দিন জানান, ‘তিন কিলোমিটার হেঁটে নলকূপ থেকে খাওয়ার পানি আনতে হয়। জোয়ারের সময় নলকূপ ডুবে যাওয়ায় পানি আনা সম্ভব হয় না। ফলে অনেক সময় লবণাক্ত পানি খাচ্ছে শিক্ষার্থীরা। এ কারণে তারা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।’ ধলঘাটা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ‘লবণাক্ত পানি এলাকায় ঢুকে পড়ায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে লোকজন।’ এ প্রসঙ্গে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (উপকূলীয় বাঁধ পুনর্বাসন প্রকল্প) উপসহকারী প্রকৌশলী মাসুদুর রাব্বি বলেন, ‘ধলঘাটার ৭০ নম্বর পোল্ডারের সাড়ে ছয় কিলোমিটার অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য প্রায় ১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ এ ব্যাপারে বলেন, ‘নলকূপ স্থাপনের জন্য অনেক লেখালেখি করা হয়েছে। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বিদ্যালয় চালাতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’ ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল আহমদ বলেন, ‘এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীদের পানি-সংকট নিরসনে জরুরি ভিত্তিতে নলকূপ স্থাপনের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে আবেদন করা হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আরও নলকূপ স্থাপনের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।’