মালয়েশিয়া কারাগারে বন্দী আছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২ জন যুবক। তাঁরা বিভিন্ন সময়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া গিয়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। ফলে দেশে ফেরত আনতে তাঁদের নাগরিকত্ব সঠিক আছে কি না, তা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে এক সপ্তাহ আগে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি তালিকা পাঠানো হয়েছে।
ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শাহিদা সুলতানা এক সপ্তাহ আগে আমাকে ই–মেইলে একটি তালিকা পাঠান। এতে মালয়েশিয়ার কারাগারে বন্দী ৩২ জনের নাম-ঠিকানা রয়েছে। তাঁরা সবাই মহেশখালীর বাসিন্দা বলে ঠিকানায় উল্লেখ রয়েছে। ইতিমধ্যে ওই তালিকার পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। সবার ঠিকানা যাচাই শেষে দূতাবাসে একটি প্রতিবেদন পাঠানো হবে।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া বাবা-মা ও আত্মীয়স্বজনদের জাতীয় পরিচয়পত্রও দেখা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দূতাবাস থেকে পাঠানো তালিকায় উল্লিখিত ব্যক্তিরা হলেন কুতুবজোম ইউনিয়নের মোহাম্মদ একরাম, জাহেদুল ইসলাম, আবুল হোছন, নুরুল কবির, নুর উদ্দিন, মোহাম্মদ শফিক, গিয়াস উদ্দিন, মোহাম্মদ মোর্শেদ, আজিজুল, আরিফুল ইসলাম ও হেলাল; শাপলাপুরের মোহাম্মদ আনোয়ার ও আবু তালেব, বড় মহেশখালীর লাল মোহাম্মদ, মো. লিটন ও মোহাম্মদ আমিন, মহেশখালী পৌরসভার কায়স্থপাড়ার বাসিন্দা সাধন সরকার, লিটন ও মিন্টু, পৌর এলাকার পুটিবিলার রুবেল ও নুরুল আমিন, গোরকঘাটার বাসিন্দা আতিকুল আলম, ছোট মহেশখালীর মো. লোকমান, রাহামত উল্লাহ, গোল আহাম্মদ, জামাল উদ্দিন ও আবদুল কাসেম; হোয়ানকের আকতার হোসেন এবং কালারমারছড়ার রাহাত, আতিকুর রহমান, শফিউল আলম ও মোহাম্মদ আহাছান। এর মধ্যে পরিচয় নিশ্চিত হয়েছে বড় মহেশখালীর লাল মোহাম্মদ, মো. লিটন, কুতুবজোমের মোহাম্মদ মোর্শেদ ও পুটিবিলার নুরুল আমিনের।