মহেশখালীর ৩৫ স্থানে মাদক তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে মাদকের ব্যবসা প্রতিনিয়ত বাড়ছে। বিভিন্ন এলাকায় অনন্ত ৩৫টি স্থানে তৈরি হচ্ছে চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক। সন্ধ্যা নামার পর এসব স্থানে হাত বাড়ালেই মাদক মেলে। দীর্ঘদিন ধরে এসব স্থানে উচ্ছেদ না হওয়ায় গ্রামগঞ্জে মাদকসেবীর সংখ্যা বাড়ছে। ফলে মাদকের ব্যবসা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী অতিষ্ঠ হওয়ার পাশাপাশি কিশোর-যুবসমাজ এখন হুমকির মুখে।জানা গেছে, পৌর এলাকার হিন্দুপাড়া, চরপাড়া, ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা, শাপলাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা, কালারমারছড়া ইউনিয়নের পাহাড়, মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট, সিকদারপাড়া, লাইল্যাঘোনা, তিতামাঝিরপাড়া, মিয়াজিরপাড়া, মগডেইল, ষাইটপাড়া, বড় মহেশখালী, হোয়ানক ও কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে অনন্ত ৩৫টি স্থানে চোলাই মদসহ বিভিন্ন প্রকারের মাদক তৈরি হচ্ছে। এ ছাড়া হেরোইন, গাঁজা ও ফেনসিডিল বেচাকেনা হলেও প্রশাসন তা বন্ধ করার ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক প্রতিরোধে কোনো অভিযান না হওয়ায় মাদকের ব্যবসা জমজমাট আকার ধারণের পাশাপাশি দিন দিন বাড়ছে মাদকসেবীদের সংখ্যা। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, মাদকের ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসন কোনো ভূমিকা রাখছে না। এ কারণে এলাকায় মাদকের ব্যবসা প্রতিনিয়ত বাড়ছে। সরেজমিনে দেখা গেছে, মহেশখালী পৌর এলাকার দক্ষিণ হিন্দুপাড়া ও ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে অনন্ত ১০টি স্থানে মাদক তৈরি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ দুই গ্রামে সন্ধ্যা হলে মাদকসেবীর আনাগোনা বেড়ে যায়। এ কারণে এলাকার লোকজন চলার পথে মাদকসেবীর খপ্পরে পড়েন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা বন্ধ করার দাবি জানিয়ে আসলেও প্রশাসন তা বন্ধ করার ব্যাপারে রহস্যজনক ভূমিকা পালন করছে। মাদকের ব্যবসা বন্ধ না হওয়ায় এলাকার উঠতি যুবসমাজ, কিশোর-তরুণেরা আজ হুমকির মুখে। পৌর এলাকার দক্ষিণ হিন্দুপাড়ার বাসিন্দা ভ্রমর কান্তি দে, নির্মল কান্তি দে ও কালিপদ দে অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর মাদকসেবীর কারণে হিন্দুপাড়ার রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এ ব্যাপারে প্রশাসনকে বার বার অবহিত করলেও তা বন্ধের ব্যাপারে কারও মাথাব্যথা নেই। মাতারবাড়ির তিতামাঝিরপাড়ার বাসিন্দা মোহাম্মদ রাশেল, কবির আহমদ ও কামাল হোসেন বলেন, স্থানীয় পুলিশ ফাঁড়ি মাদক স্পট থেকে মাসিক মাসোয়ারা নেওয়ার কারণে প্রতিনিয়ত মাদকের ব্যবসা বাড়ছে। এলাকায় এ ব্যবসা বন্ধের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভায় দাবি জানালেও কোনো কাজ হয়নি।মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এলাকাকে মাদকমুক্ত করার জন্য বেশ কয়েকবার আমি নিজেই লোকজন নিয়ে মাদক স্পটে অভিযান চালিয়েছি। পরে কিছু দিন তা বন্ধ থাকলেও আবার মাদকের ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা।’ তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় পুলিশ ফাঁড়ি এসব মাদক স্পট থেকে উৎকোচ নেওয়ায় তা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না। তবে মাসিক মাসোয়ারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, মাদক স্পটে বেশ কয়েকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বেশ কয়েকবার মাদক স্পটে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মামলাও করা হয়। এলাকায় মাদক ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করার জন্য পুলিশ চেষ্টা করছে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, মাদক স্পটে বার বার প্রশাসন অভিযান চালালেও তা স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে উপজেলা সদরে হিন্দুপাড়া ও ঠাকুরতলা গ্রামের মাদক স্পট থেকে চোলাই মদ তৈরি করে ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় পাচার করছেন। এ কারণে প্রত্যন্ত গ্রামগঞ্জে মাদকসেবীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।