মহেশখালীর ৪১টি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র গড়ে না ওঠায় উপকূলীয় দ্বীপ মহেশখালীর লক্ষাধিক মানুষ এখনো মৃত্যুর ঝুঁকি নিয়ে বাস করছেন। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূণিঝড়ের পর উপজেলার বিভিন্ন এলাকায় ৮৩টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হলেও সংস্কারের অভাবে ৪১টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।আশ্রয়কেন্দ্রের অভাবে ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের আঘাতে মহেশখালীর প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়। পরবর্তীকালে বিদেশি সংস্থা সিসিডিবি, বাংলা-জার্মান সমপ্রীতি, বিশ্ব ব্যাংক, রেড ক্রিসেন্ট, আইডিএ, জাইকা, সৌদিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, গণস্বাস্থ্য, জার্মান এফডব্লিউ, ইউনিসেফের অর্থায়নে উপজেলার পৌরসভা ও আট ইউনিয়নে ৮৩টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়। এগুলো স্থাপনের পর থেকে কোনো রক্ষণাবেক্ষণ এবং সংস্কার না হওয়ায় বর্তমানে ৪১টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর এলাকায় বর্তমানে সাড়ে তিন লাখ মানুষের বসবাস হলেও জনসংখ্যা অনুপাতে আশ্রয়কেন্দ্রের সংখ্যা নগণ্য বলে মনে করছেন সংশ্লিষ্ট লোকজন। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলার মাতারবাড়ির হংশ মিয়াজিরপাড়ার আশ্রয়কেন্দ্রটির বিভিন্ন জায়গায় ফাটল ধরছে। আশ্রয়কেন্দ্রের দরজা ও জানালা ভেঙে যাওয়ায় এবং দালানে ফাটল ধরায় বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ধলঘাটা ইউনিয়নের ১৪ আশ্রয়কেন্দ্রের মধ্যে বেশির ভাগই ঝুঁকিপূর্ণ। এসব আশ্রয়কেন্দ্রের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ধলঘাটা ইউনিয়নের বনজামিরাঘোনা, সরইতলা, নাছির মোহাম্মদ ডেইল ও মহুরিঘোনা এলাকার আশ্রয়কেন্দ্র বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন জানান, জনসংখ্যার তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা অতি নগণ্য। পাশাপাশি যেসব আশ্রয়কেন্দ্র এলাকায় স্থাপন করা হয়েছে তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলো সংস্কারের পাশাপাশি এ এলাকায় আরও আটটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা দরকার। ধলঘাটার দ্বীপরক্ষা বেড়িবাঁধটিও অরক্ষিত। এর সংস্কারও জরুরি। একই কথা বললেন মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি বলেন, মাতারবাড়ি ও ধলঘাট এলাকার দ্বীপ রক্ষা বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে এলাকার মানুষকে আতঙ্কে দিন কাটাতে হয়। তিনি মাতারবাড়িতে আরও ১৬টি আশ্রয়কেন্দ্র স্থাপনের দাবি জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহেশখালীর প্রকল্প কর্মকর্তা লিয়াকত হোসাইন বলেন, ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর এলাকায় রেড ক্রিসেন্ট আটটি আশ্রয়কেন্দ্র স্থাপন করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি জানান, দুটি আশ্রয়কেন্দ্র সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি ছয়টি পর্যায়ক্রমে সংস্কার করা হবে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, উপজেলায় আরও ১০০টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা প্রয়োজন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহেশখালীতে বিভিন্ন এলাকায় ৮৩টি আশ্রয়কেন্দ্র রয়েছে। চলতি বছর এ উপজেলায় নতুন করে ১৬টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হবে। তার মধ্যে মাতারবাড়িতে চারটি, ধলঘাটে দুইটি, কালারমারছড়ায় একটি, শাপলাপুরে একটি, হোয়ানকে দুটি, বড় মহেশখালীতে দুটি, কুতুবজোমে একটি, ছোট মহেশখালীতে একটি এবং পৌরসভায় দুটি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার জানান, ছয়টি আশ্রয়কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ৮৩টির মধ্যে সংস্কারের অভাবে অনেক আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামনে দুর্যোগ মোকাবিলা করতে ঝুঁকিপূর্ণ আটটি আশ্রয়কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম জানান, উপকূলীয় দ্বীপ মাতারবাড়ি ও ধলঘাটার অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।