মহেশখালীর ৪২ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ৪২ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। এর মধ্যে ২৬টিতে জরুরিভিত্তিতে বিদ্যালয় স্থাপনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এদিকে বিদ্যালয় না থাকায় এসব গ্রামের শিশুরা শিক্ষার প্রতি আগ্রহ হারাচ্ছে। মাতারবাড়ি মনহাজিরপাড়া গ্রামের বাসিন্দা জমির উদ্দিন ও আবদুল বারেক বলেন, ‘এ গ্রামে প্রায় তিন হাজার লোকের বসবাস। বিদ্যালয় না থাকার কারণে শিশুরা সাগরে মাছ ধরার কাজে লেগে যাচ্ছে।’ ধলঘাটার বনজামিরাঘোনার বাসিন্দা দিদারুল আলম ও কফিল উদ্দিন জানান, আশপাশে যেসব বিদ্যালয় আছে সেগুলো অনেক দূরে। তাই অধিকাংশ শিশু বিদ্যালয়ে যেতে চায় না। ফলে তারা লেখাপড়া বাদ দিয়ে কাজে লেগে যাচ্ছে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী বলেন, এলাকায় প্রাথমিক বিদ্যালয় পর্যাপ্ত না থাকার কারণে অনেক শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, শাপলাপুরে আরও পাঁচটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রয়োজন।একই কথা বলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির কাসেম চৌধুরীও। তিনি বলেন, শিক্ষার হার বৃদ্ধি করার জন্য প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার হার বাড়ানোর জন্য নতুন বিদ্যালয় স্থাপন করতে হবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২৬ গ্রামে জরুরিভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার জন্য গত ২৪ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ গ্রামগুলো হচ্ছে কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া ও দৈলারপাড়া, কালারমারছড়া ইউনিয়নের ডেইল্যাঘোনা, ছামিরাঘোনা, ফকিরজোমপাড়া ও সোনারপাড়া, মহেশখালী পৌরসভার উত্তরঘোনারপাড়া ও সিকদারপাড়া, হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনা ও বারঘরপাড়া, ধলঘাটা ইউনিয়নের উত্তর সুতরিয়া, নাছির মোহাম্মদ ডেইল ও বনজামিরাঘোনা এবং মাতারবাড়ি ইউনিয়নের সর্দারপাড়া, মনহাজিরপাড়া, মিয়াজিরপাড়া, মাইজপাড়া ও সিকদারপাড়া। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, এ উপজেলায় পর্যাপ্ত প্রাথমিক বিদ্যালয় গড়ে না ওঠার কারণে গ্রামের হাজার হাজার শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ সরকারি নিয়ম অনুযায়ী দুই হাজার লোকের বসবাস ও ১৫০ জন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়ার উপযোগী থাকলে সেই গ্রামে অন্তত পক্ষে একটি বিদ্যালয় স্থাপন করা যায়। এ রকম গ্রামের সংখ্যা মহেশখালীতে ৪২টি।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, উপজেলার যেসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে নতুন করে বিদ্যালয় স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।সূত্র জানায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৭টি ও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১৫টি, কমিউনিটি বিদ্যালয় দুটি এবং নিবন্ধনবিহীন প্রাথমিক বিদ্যালয় রয়েছে পাঁচটি।