মহেশখালীর ৫৬ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মণিপুর পশ্চিমপাড়া গ্রামে ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো দিয়ে খাল পার হন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো
মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মণিপুর পশ্চিমপাড়া গ্রামে ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো দিয়ে খাল পার হন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো

পূর্ব হরিয়ার ছড়া গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। কিন্তু এই গ্রামে মানুষের যাতায়াতের কোনো যোগাযোগব্যবস্থা নেই। সড়কের মাঝখানে বাঁশের সাঁকো দিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পারাপার করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এরপরও হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলী ও পূর্ব হরিয়ারছড়া গ্রামের সংযোগ সড়কে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।
একই অবস্থা শাপলাপুর ইউনিয়নের মণিপুর পশ্চিমপাড়া গ্রামের। এই গ্রামের প্রায় এক হাজার মানুষের চলাচলের কোনো ব্যবস্থা নেই। ছড়ার ওপর স্থাপন করা বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মণিপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা। শুধু পূর্ব হরিয়ারছড়া ও মণিপুর পশ্চিমপাড়া গ্রাম নয়, উপজেলার সাতটি ইউনিয়নের ৫৬ গ্রামের বাসিন্দাদের চলাচলের ভরসা এই বাঁশের সাঁকো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার মাতারবাড়ি, কুতুবজোম, ছোট মহেশখালী, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নের ৫৬ গ্রামের বাসিন্দারা ছড়া ও সংযোগ সড়কের মাঝখানে বাঁশের সাঁকো স্থাপন করে পারাপার হচ্ছেন। পারাপার হতে গিয়ে এসব গ্রামের মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকারও হচ্ছে। বিশেষ করে স্কুলগামী ছোট শিশুদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, শাপলাপুর ইউনিয়নের পাটুয়াছড়ির বাসিন্দারা সড়কের মাঝখানে স্থাপিত বাঁশের সাঁকোর মাধ্যমে পারাপার হচ্ছেন। এই গ্রামের অন্তত এক হাজার মানুষ এর ফলে ভোগান্তি পোহাচ্ছে। শাপলাপুর ইউনিয়নের বড়খোলা লাতুয়ারঘোনা গ্রামে গিয়েও একই দৃশ্য দেখা গেছে।
পাটুয়াছড়ির বাসিন্দা রবিউল হোসেন বলেন, ‘এখানে আমাদের যাতায়াতের সহজ কোনো ব্যবস্থা নেই। পাকা সেতু না থাকায় স্থানীয় বাসিন্দারা একরকম বন্দিদশায় আছেন। এরপরও সংযোগ সড়কে একটি সেতু নির্মাণের জন্য প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।’
শাপলাপুর ইউনিয়নের মুরুংঘোনার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলের শিক্ষার্থীরা পারাপার হচ্ছে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বলেন, ‘এই এলাকার ১২ গ্রামের মানুষকে বাঁশের সাঁকো পেরিয়ে চলাচল করতে হয়। সাঁকোর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেও ফল পাইনি।’
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘উপজেলার সাতটি ইউনিয়নের ৫৬ গ্রামের লাখো মানুষের যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো। তাই এসব গ্রামে স্থায়ী সেতু ও কালভার্ট নির্মাণের জন্য ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে ১৪ আগস্ট আবেদন করা হয়েছে।
জানতে চাইলে কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, গ্রামের মানুষের কষ্ট দূর করতে জরুরি ভিত্তিতে ৫৬ গ্রামে সেতু নির্মাণের উদ্যোগ নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালককে বলা হয়েছে।