টেবিলে থরে থরে ভাঁজ করা বই। পাশে শ্রেণীতে সেরা উপস্থিতির সম্মানসূচক কয়েকটি ক্রেস্ট সাজানো। টেবিলের নিচে পড়ে আছে শখের গিটার। অন্য টেবিলে আছে দীর্ঘদিনের অব্যবহূত নিষ্প্রাণ কম্পিউটার। সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের ছাত্র হিমাদ্রী মজুমদারের ব্যবহারের এসব জিনিসপত্র আঁকড়ে ধরে এখনো কাঁদছেন তাঁর মা-বাবা। এসবের মধ্যে তাঁরা ছেলেকে খুঁজে ফেরেন। গত বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিমাদ্রী। তার আগে ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশের একটি ভবনের ছাদ থেকে তাঁকে বিদেশি কুকুর লেলিয়ে দেওয়ার পর ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।মানুষ হত্যার নিত্যনতুন হিংস্রতা ভাবিয়ে তোলে সবাইকে। প্রাণ আনচান করে ওঠে মা-বাবার ‘কত কষ্ট পেয়েছে ছেলেটা। হিংস্র কুকুরের কামড়, অতঃপর উঁচু ছাদ থেকে আছড়ে পড়া। উহ্! কী অসহ্য যন্ত্রণা।’ঘটনার পর থেকে ২৭ দিন এসব যন্ত্রণা ভোগ করতে হয়েছে হিমাদ্রীকে। তাঁর কোমর ভেঙে গিয়েছিল। হাত, পা, বুক সব জায়গায় ছিল দগদগে ক্ষত। একটু প্রাণের আশায় এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটে বেড়ানো। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, তারপর সার্জিস্কোপ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে। চিকিৎসক, মা-বাবা পরিচিত সবার কাছে কেবল বাঁচার আকুতি জানিয়েছিলেন হিমাদ্রী। ‘আমার ছেলে যত দিন হাসপাতালে শুয়ে ছিল শুধু বলত, মা আমাকে বাঁচাও। পরিচিত যাকেই দেখত বলত, বাঁচাও আমাকে। আমি তাকে কথা দিয়েছিলাম। তাকে বাঁচাবোই। মা হিসেবে আমি কথা রাখতে পারলাম না।’ ছলছল করে উঠল গোপা মজুমদারের চোখ।এর আগে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছেও আকুতি জানিয়েছিলেন হিমাদ্রী। কিন্তু পাষাণদের কাছে সেই আকুতি পৌঁছায়নি। হাসপাতালের শয্যায় শুয়ে হিমাদ্রী সেই কথা বলে গেছেন বারবার। বন্ধুরা ওই জবানবন্দি রেকর্ড করে রেখেছেন। ‘আমাকে তারা পাঁচলাইশ থেকে ধরে নিয়ে গেল। আমাকে ছাদে তুলে কুকুর লেলিয়ে দিল। আমি বারবার বলেছি, আমি কোনো দোষ করিনি। আমাকে বাঁচাও। কিন্তু শোনেনি।’ মৃত্যুমুখে হিমাদ্রীর জবানবন্দি। এই একটি মৃত্যু হেমসেন লেনে বসবাস করা ওই পরিবারটিকে অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। এলোমেলো করে দেওয়া এই মৃত্যুর পর পুরো পরিবার এখন দিশেহারা। আইনের প্রতি আস্থা রাখতেও তাঁদের ভয়। নতুন আশঙ্কায় কেঁপে ওঠে বুক। তাই পুত্র হারিয়ে নির্লিপ্ত তাঁরা। ভাইয়ের মৃত্যুর পর থেকে ছোট ভাই নিলাদ্রী মজুমদার একেবারে চুপ হয়ে গেছে। দুই ভাইয়ের মধ্যে চলত খুনসুটি। আবার ছিল পরম বন্ধুত্বও। ‘ও’ লেভেলের ছাত্র নিলাদ্রী ভাইয়ের মৃত্যুর জন্য এবার পরীক্ষায় বসতে পারেনি। সে-ই পরিবারটির একমাত্র উত্তরাধিকার এখন।